ছবি : সংগৃহীত
যশোর শহরের বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে রাখা একটি যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।
বাসটির মালিক বাঘারপাড়ার খবির-উর-রহমান কলেজের অধ্যাপক আবু বক্কর সিদ্দিকী ওরফে বেলাল। তিনি সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের সময় ধানের শীষের পক্ষে এলাকায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন। এ কারণে ঘটনাটিকে রাজনৈতিক প্রতিশোধমূলক নাশকতা হিসেবে সন্দেহ করছেন স্থানীয়রা।
আরও পড়ুন<<>>হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২
মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটিতে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায় পাশে থাকা আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং বাসটির অন্তত ১৪টি কাঁচ ভেঙে যায়। ঘটনার সময় নিকটবর্তী আরেকটি বাসের চালক মকবুল হোসেন আগুন দেখতে পেয়ে দ্রুত মালিককে খবর দেন।
পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যেয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) কাজী বাবুল বলেন, ঘটনার তদন্ত চলছে। কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় পরিবহন সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের পর এলাকায় রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত ও গ্রেফতরের দাবি জানান।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































