ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন বণ্টনে নতুন চিত্র সামনে এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট মোট ৭৭টি আসনের বিপরীতে ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে। এর মধ্যে প্রাপ্ত ৬৮টি আসনের অনুপাতে এককভাবে জামায়াতের ভাগে আসে ১২টি সংরক্ষিত আসন। তবে দলটি নিজে নিচ্ছে ৯টি আসন। বাকি ৩টি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দেয়া হয়েছে। এ তিনটি আসন পাচ্ছে এনসিপি, জাগপা এবং বাংলাদেশ খেলাফত মজলিস।
জোটের লিয়াজোঁ কমিটির সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জামায়াতের চূড়ান্ত তালিকায় থাকা ৯ জনের মধ্যে রয়েছেন নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি ও নাজমুন্নাহার নিলু। এছাড়া অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বে মেরিনা সুলতানা (চট্টগ্রাম), মাহফুজা খানম (সিলেট), সাজেদা সামাদ (বগুড়া অঞ্চল) এবং প্রকৌশলী মারদিয়া মমতাজের নাম রয়েছে। তালিকায় আরও রয়েছেন জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।
জোটের শরিক দলগুলোর জন্য বরাদ্দ তিন আসনে মনোনয়নও চূড়ান্ত হয়েছে। এতে জাগপার সভাপতি তাসমিয়া প্রধান, এনসিপির নেত্রী ডা. মাহমুদা মিতু এবং বাংলাদেশ খেলাফত মজলিসের ইঞ্জিনিয়ার মাহবুবা করিম মনোনয়ন পাচ্ছেন। এ তথ্য নিশ্চিত করেছেন দলের আমীর আল্লামা মামুনুল হক।
আরও পড়ুন <<>> সংসদে হাসনাতের বিস্ময় প্রকাশ
অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় সংসদে প্রাপ্ত ৬টি আসনের বিপরীতে সংরক্ষিত নারী কোটায় একটি আসন পাবে। এ আসনের জন্য দলের যুগ্ম সদস্য সচিব মনিরা শারমিনের নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।
দলীয় সূত্র জানায়, সংরক্ষিত আসনে মনোনয়ন নির্ধারণে অভ্যন্তরীণ আলোচনা ও যাচাই-বাছাই করা হয়েছে। কোনো নেতার জন্য আলাদা কোটা রাখা হয়নি। দলের আমীর ডা. শফিকুর রহমানের স্ত্রী পূর্বে এমপি থাকলেও এবার তাকে রাখা হয়নি।
যোগ্যতার বিবেচনায় মীর কাসেম আলির মেয়ে সুমাইয়ার নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেয়া হয়েছে। কারণ তার ভাই ব্যারিস্টার আহমাদ বিন কাসেম আরমান বর্তমানে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামায়াত ও ১১ দলীয় জোটের সূত্র জানায়, চূড়ান্ত তালিকা আগামী ২০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। তালিকায় দলীয় নেত্রীদের পাশাপাশি বাইরের তিনজনকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































