ছবি: আপন দেশ
গোপালগঞ্জ শহরের রেশমা ইন্টারন্যাশনাল স্কুল ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সাড়ে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা কেন্দ্রের সীমানার বাইরে থেকে একটি ককটেল লক্ষ্য করে ছুঁড়ে মারে। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোটাররা দিগিবিদিক ছোটাছুটি শুরু করেন।
বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা তিনজন আহত হন। তারা হলেন- সুকণ্ঠ মজুমদার; ভোটকেন্দ্রে দায়িত্বরত আনসার সদস্য। জামাল হোসেন; সেকশন কমান্ডার (আনসার)। আমেনা খানম (১৩); এক ভোটারের সঙ্গে আসা শিশু।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসার জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ দূর থেকে ককটেলটি ছোঁড়া হয়েছিল। এতে দায়িত্বরত নিরাপত্তা কর্মী ও এক শিশু আঘাত পেয়েছে।
এদিকে সকাল সাড়ে ৭টা থেকেই দেশজুড়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। ককটেল বিস্ফোরণের ঘটনা সত্ত্বেও ভোটারদের লাইনে উপস্থিতি কমেনি। অনেক জায়গায় ভোটারদের দীর্ঘ সারি দেখা গেছে। বিএনপি, জামায়াত ও এনসিপির জ্যেষ্ঠ নেতাদেরও বিভিন্ন কেন্দ্রে ভোট দিতে দেখা গেছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































