Apan Desh | আপন দেশ

গণমিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ, অর্ধশতাধিক দগ্ধ

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:২২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

গণমিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ, অর্ধশতাধিক দগ্ধ

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নির্বাচনী গণমিছিলের প্রস্তুতির সময় গ্যাস বেলুন বিস্ফোরণে শিশুসহ বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী দগ্ধ হয়েছেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর হোন্ডা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এম মঞ্জুরুল করিম রনির পূর্বনির্ধারিত নির্বাচনী গণমিছিলে যোগ দিতে নেতাকর্মীরা টঙ্গীবাজার বাটাগেট এলাকায় জড়ো হন। এ সময় হোন্ডা রোডের মাথায় বিএনপি অফিসের সামনে রাখা গ্যাস বেলুনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে অর্ধশতাধিক নেতাকর্মীর হাত, মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হয়।

দগ্ধদের মধ্যে রয়েছেন অনিক (২৭), হাসু (৩৮), হাসনাত (১৮), হাসনাত (২২), আকাশ (২৮), রমজান (১৮), রাফি (১২), বিজয় (১৬), তাসিন (১৮), সিয়াম (১৬), মিনহাজ (১৭), নুরু (১৮), শাওন (২০), ইমাম (১৪), নির্জন (২২), মারুফ (২২), রুবেল (৩৪) ও রাব্বি (১৩)।

টঙ্গী সরকারি হাসপাতালের চিকিৎসক ডা. নাফিয়া শারমিন জানান, দগ্ধদের মধ্যে অনেকের শরীরের ১৮-২০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন <<>> গণমিছিলে বিএনপি-জামায়াতের দুই কর্মীর মৃত্যু

দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেয়ার সময় মো. রবিউল ইসলাম বলেন, বিকেলের দিকে গাজীপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল করিম রনির পক্ষে নির্বাচনি প্রচারণা চলছিল। একটি ঘরের ভেতরে রাখা একাধিক গ্যাস বেলুন বিস্ফোরিত হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ও সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বলেন, আহতদের ড্রেসিং চলছে। এ মুহূর্তে দগ্ধের শতকরা হার নির্ধারণ করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়