Apan Desh | আপন দেশ

টাঙ্গাইলে নির্বাচনী মিছিলে দুই কর্মীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ২০:৩৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬

টাঙ্গাইলে নির্বাচনী মিছিলে দুই কর্মীর মৃত্যু

ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৫ (সদর) আসনে নির্বাচনী মিছিলে অসুস্থ হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শহরের পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের চর পাকুল্লা গ্রামের জোনাব আলী ও ছোনাট গ্রামের জিয়াউর রহমান। তারা দুজনেই স্বতন্ত্র প্রার্থী ফরহাদ ইকবালের ‘হরিণ’ প্রতীকের সমর্থক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে হরিণ প্রতীকের আখেরী মিছিল ও জনসভা চলছিল। সেখানে স্লোগান দেয়ার সময় জোনাব আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই মিছিলটি যখন শহরের সাবালিয়া এলাকা অতিক্রম করছিল, তখন জিয়াউর রহমান অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাকেও হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। স্বজনদের দাবি, জিয়াউর রহমানের আগে থেকেই হার্টের সমস্যা ও ডায়াবেটিক ছিল।

স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনী গণমিছিলে যোগ দিতে এসে তার দুই কর্মী মারা গেছেন। এ মর্মান্তিক ঘটনায় তিনি গভীর শোক প্রকাশ করেছেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

হাসপাতাল থেকে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়