Apan Desh | আপন দেশ

পঞ্চগড়ে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১১, ৬ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৩:১২, ৬ জানুয়ারি ২০২৬

পঞ্চগড়ে ৮ ডিগ্রির ঘরে তাপমাত্রা

ছবি : আপন দেশ

হিমপ্রবণ জেলা পঞ্চগড়ে ৮ ডিগ্রির ঘরে নেমেছে তাপমাত্রা। কয়েকদিন ধরে জেকে বসা তীব্র শীতে বিপর্যস্ত উত্তরের এ জেলার মানুষ। জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। আয়-রোজগার কমে যাওয়ায় পরিবার নিয়ে অভাব অনটনে দিন কাটছে নিম্ন আয়ের মানুষগুলোর।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

সোমবার (০৫ জানুয়ারি) সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রোববার (০৪ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার (০৩ জানুয়ারি) রেকর্ড হয়েছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। 
গত ১ জানুয়ারি ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। তাপমাত্রার রেকর্ডের তথ্যটি জানিয়েছে জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কার্যালয়।

জেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, কয়েকদিনের মতোই ঘন কুয়াশার আধার নেমেছে এ জেলায়। কুয়াশার কারণে সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে ছোট-বড় যানবাহনগুলোকে। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের না হলেও পরিবারের কথা চিন্তা করেই কাজে বের হতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করছেন হতদরিদ্র লোকগুলো। দুপুরে সূর্যের মুখ দেখা গেলেও সে রোদে মিলছে না তপ্ততার উষ্ণতা। 

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি

সকালে কথা হয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে। তারা জানান, শীতের কারণে যেন থমকে গেছে জনজীবন। কুয়াশা আর হিম বাতাসের কারণে ঠান্ডায় কাহিল তারা। মানুষের পাশাপাশি প্রাণীদেরও কষ্ট হচ্ছে। শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। প্রতিদিন সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানান রোগ নিয়ে হাসপাতালে বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। তাদের বেশিরভাগ শিশু ও বয়োবৃদ্ধ। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষিত থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, ‘তাপমাত্রা অনেক কমেছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: