ছবি : সংগৃহীত
রাজধানীর ভাটারায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটকের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে রাজধানীর পূর্বাচলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের মালিকানাধীন একটি বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মাদকসহ ৮৫ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৬ জন নারী ও ৫৯ জন পুরুষ।
ডিবি জানিয়েছে, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। অনলাইনে বিজ্ঞাপন দিয়ে এসব পার্টিতে লোকজনকে আমন্ত্রণ জানানো হতো। অভিযানে সেখান থেকে পাঁচ বোতল মদ ও বিপুল পরিমাণ সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
আরও পড়ুন<<>>অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, মদসহ আটক ৮৫
শফিকুল ইসলাম জানান, পূর্বাচলের ওই বাড়িতে থেকে ৮৫ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন নারী। অভিযানে পাঁচ বোতল মদ ও সিনথেটিক মাদক জব্দ করা হয়েছে।
ডিবির অতিরিক্ত কমিশনার আরও জানান, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটিয়ারা সেখানে ডিজে পার্টির আয়োজন করতেন এবং এসব আয়োজনের জন্য অনলাইনে বিজ্ঞাপন প্রচার করতেন।
ডিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর) রাত ১২টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু করে ডিবি।
তবে, আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জব্দ করা সিনথেটিক মাদকের ধরণ ও পরিমাণ সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এখনো বিস্তারিত জানানো হয়নি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































