ছবি ভিডিও থেকে নেয়া
জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সংবিধান সংশোধনীতে বিরোধী দল সহযোগিতা করছে না বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভের’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইকে ধারণ না করলে জাতীয় প্রত্যাশা পূরণ হবে না। জুলাই সনদ বাস্তবায়ন করতে গেলে আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া দুটোই দরকার। এক্ষেত্রে তো সংবিধান সংশোধন করতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা এমন একটি সাংবিধানিক সংশোধনী আনতে চাই; যে সংশোধনীকে অনেকে সংস্কার বলতে পারেন। তারা সংস্কার বলে যদি তুষ্ট থাকেন, আমাদের আপত্তি নেই। কিন্তু তারা এ সংবিধান সংশোধনীতে বিরোধী দল হিসেবে সহযোগিতা এখনো পর্যন্ত করছে না।
আরও পড়ুন<<>>জুলাই স্মৃতিস্তম্ভ-আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর
তিনি বলেন, আমরা শুনেছি গতকাল, বিরোধীদলীয় নেতা বলেছেন তারা সরকারকে সহযোগিতা করবেন না। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করবেন। ১৮ কোটি জনগণকে সহযোগিতা করুন, এটাই আমরা চাই। বিরোধীদল হিসেবে গঠনমূলক সমালোচনা এবং সরকারের ভুল-ত্রুটি ধরে দেবেন, এটাই আমরা চাই। কিন্তু রাস্তার বক্তব্য এবং সাংবিধানিক সংস্কারে আপনাদের যে অবদান, দুটোর মধ্যে মিল থাকতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই স্মৃতিফলক উন্মোচন আমাদের জাতীয় অনুপ্রেরণা। জুলাই গণঅভ্যুত্থান একদিনে হয়নি। এর জন্য ২০০৯ থেকে ২৪ পর্যন্ত আমাদেরকে ধারাবাহিক আন্দোলন করতে হয়েছে। তাই জাতীয় জীবনে এটি জাগরুক থাকুক। ভবিষ্যতে নাটক ও সংস্কৃতিতে জুলাইয়ের প্রতিফলন থাকতে হবে।
সালাহ উদ্দিন আহমদ বলেন, সরকার জুলাই চেতনা বাস্তবায়ন করতে চায়। প্রধানমন্ত্রী সে পরিকল্পনা নিয়েই কাজ করছেন। কারণ তিনি জুলাইয়ে সরাসরি নেতৃত্ব দিয়েছেন। তাই সরকার কাজের মাধ্যমেই তার প্রমাণ দেবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































