ছবি : সংগৃহীত
বিশ্বের ইন্টারনেটের একটি বিশাল অংশ পরিচালনাকারী জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপি-তে দুটি অত্যন্ত মারাত্মক সাইবার নিরাপত্তা ত্রুটি ধরা পড়েছে।
এই সংকটময় পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিভিন্ন ওয়েবসাইটকে দ্রুত সুরক্ষা ব্যবস্থা গ্রহণের কড়া নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সরকার ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলো। খবর বিবিসি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে এই ত্রুটিগুলোর একটি সমাধান বা ‘প্যাচ’ প্রকাশ করা হলেও, যেসব প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তা আপডেট করতে ব্যর্থ হয়েছে, তাদের সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ রাখার পরামর্শ দেয়া হয়েছে।
এর ফলে ফিনল্যান্ড সরকার, এডিনবরা কাউন্সিল এবং বিবিসির মতো বিশ্বখ্যাত সংস্থাও তাদের বেশ কিছু ওয়েবপেজ ও সেবা অফলাইন করতে বাধ্য হয়েছে।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘উইজ’-এর তথ্যমতে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর সহায়তায় আবিষ্কৃত ত্রুটিগুলোর মধ্যে এগুলোকে ‘সবচেয়ে মারাত্মক’ বলে চিহ্নিত করা হয়েছে।
‘ক্যালিফ’ ও উইজের গবেষকরা ওপেনএআই-এর ‘প্যাচ দ্য প্ল্যানেট’ প্রোগ্রামের আওতায় উন্নত এআই টুল ব্যবহার করে এই দুর্বলতাগুলো খুঁজে পান। ওপেনএআই একে সাম্প্রতিক সময়ের অন্যতম প্রভাবশালী নিরাপত্তা সংকট বলে অভিহিত করেছে।
আরও পড়ুন <> ঢাকা-দাম্মাম ফ্লাইট চলাচল শুরু
এই ত্রুটিগুলোর কারণে সার্ভারের ফাইল সিস্টেম বা ডেটাবেজে হ্যাকারদের সরাসরি প্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।
পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি এবং নেদারল্যান্ডসের সাইবার নিরাপত্তা সংস্থা অবিলম্বে সিস্টেম অফলাইন করার পরামর্শ দিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, সমস্যাটির দ্রুত সমাধানে ফেডারেল সংস্থাগুলো শীর্ষস্থানীয় এআই ল্যাবগুলোর সাথে সমন্বিতভাবে কাজ করছে।
এছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সবাইকে পিএইচপি ভিত্তিক ওয়েবসাইটগুলো অবিলম্বে পরীক্ষা করার আহবান জানিয়েছেন।
অনলাইন বিশ্বকোষ উইকিপিডিয়া জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা কিছু সিস্টেম সাময়িকভাবে বন্ধ রেখেছে, যার ফলে বুধবার ব্যবহারকারীদের একাংশ উইকিপিডিয়ায় প্রবেশ করতে পারেননি।
একই কারণে ডেভিয়েন্টআর্টসহ বেশ কিছু প্ল্যাটফর্ম নিজেদের রক্ষণাবেক্ষণের অজুহাতে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, বড় ধরনের সাইবার হামলা ঠেকাতে ওয়েবসাইটগুলোর এই আকস্মিক অফলাইন পদক্ষেপ সাইবার জগতের সুরক্ষায় অত্যন্ত জরুরি ছিল।
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































