Apan Desh | আপন দেশ

লিটনকে নিয়ে সুখবর

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৯:১০, ২০ অক্টোবর ২০২৬

আপডেট: ১৯:২২, ২০ অক্টোবর ২০২৬

লিটনকে নিয়ে সুখবর

ফাইল ছবি

চোটের কারণে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছেন লিটন দাস। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে তাকে নিয়ে স্বস্তির খবর পেয়েছে বাংলাদেশ।

স্ক্যান রিপোর্টে নিতম্বের সংযোগস্থলে বড় কোনো সমস্যা পাওয়া যায়নি। তবে পেশিতে সামান্য সমস্যা থাকায় আরও কয়েক দিন পর্যবেক্ষণে থাকবেন তিনি।

এর মধ্যেই ক্যারিবীয়দের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে তার ফেরার আশা দেখছে বিসিবির চিকিৎসা বিভাগ।

শনিবার (১৭ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি লিটন। ডান নিতম্বের সংযোগস্থলে অস্বস্তির কারণে পুরো ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ থেকেই ছিটকে যান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলের নেতৃত্ব পেয়েছেন তাওহীদ হৃদয়।

সোমবার (১৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির চিকিৎসকদের সঙ্গে দেখা করেন লিটন।

সেখানে তার স্ক্যান রিপোর্ট পর্যালোচনার পাশাপাশি হালকা ফিজিওথেরাপি করানো হয়। পরীক্ষায় গুরুতর কোনো সমস্যা না পাওয়া গেলেও পেশিতে সামান্য জটিলতা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বিসিবির চিকিৎসা বিভাগের এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, লিটন আজ আমাদের সঙ্গে দেখা করতে এসেছিল। তার স্ক্যান রিপোর্টে গুরুতর কিছু পাওয়া যায়নি। তবে পেশিতে সামান্য সমস্যা রয়েছে।

লিটনের সুস্থতার অগ্রগতি বুঝতে আরও কয়েক দিন পর্যবেক্ষণে রাখবেন চিকিৎসকেরা। ওই কর্মকর্তা বলেন, আজ তাকে হালকা ফিজিওথেরাপি করানো হয়েছে। আগামীকালও একইভাবে চিকিৎসা চলবে। আরও দুই দিন পর তার চোটের অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লিটনের খেলার সম্ভাবনা নিয়েও আশাবাদী বিসিবি। তবে এখনই নিশ্চিত করে কিছু বলতে চান না চিকিৎসকেরা।

আরও পড়ুন <<>> সাফে আসছে ভিএআর, উন্নত প্রযুক্তির বল

বিসিবির ওই কর্মকর্তা বলেন, আমরা আশাবাদী, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে তাকে পাওয়া যাবে। তবে আগামী কয়েক দিনের অগ্রগতি না দেখে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। আপাতত তার নিতম্বের সংযোগস্থলে বড় কোনো সমস্যা নেই।

এদিকে আরেকটি চোটের দুশ্চিন্তাও রয়েছে বাংলাদেশ শিবিরে। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে বাউন্ডারি বাঁচাতে ডাইভ দেয়ার সময় ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন অফ স্পিনার নাঈম হাসান। সে চোট কাটিয়ে সোমবার আবার বোলিং শুরু করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) তার আনুষ্ঠানিক ফিটনেস পরীক্ষা হওয়ার কথা।

নাঈম জানিয়েছেন, বোলিংয়ে ফেরার পর কোনো অস্বস্তি অনুভব করেননি তিনি। এখন চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছেন এ স্পিনার।

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যে বাংলাদেশে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ নভেম্বর সিলেটে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এ সিরিজের আগে লিটন ও নাঈমের সুস্থ হয়ে ওঠা বাংলাদেশের জন্য বড় স্বস্তি হতে পারে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়