ছবি: সংগৃহীত
মালয়েশিয়ায় বিশেষ অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। এ অভিযানে ৪৯ অভিবাসীকে আটক করা হয়েছে। তেরেংগানুর ডুংগুনের বুকিত বেসি এলাকায় লৌহ আকরিকের একটি খনি থেকে তাদের আটক করা হয়।
এসময় পালানোর চেষ্টা করতে গিয়ে এক বাংলাদেশি নাগরিক পাহাড়ের ঢাল থেকে পড়ে আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে ওই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের আগে বিদেশিদের সন্দেহ এড়াতে ইমিগ্রেশন বিভাগের নিজস্ব নয় এমন যানবাহন ব্যবহার করে কর্মকর্তারা খনি এলাকায় প্রবেশ করেন। মূল সড়ক থেকে খনিটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার।
ইমিগ্রেশন বিভাগের অপারেশনবিষয়ক উপ-মহাপরিচালক দাতুক লোকমান এফেন্দি রামলি জানান, অভিযানে আটক ৪৯ জনের মধ্যে ২৪ জন বাংলাদেশি, ১৭ জন ইন্দোনেশীয়, সাতজন মিয়ানমারের এবং একজন ভারতীয় নাগরিক রয়েছেন।
আটক ব্যক্তিদের মধ্যে ছয় নারী ও দুই শিশু রয়েছে। তাদের বয়স ১০ মাস থেকে ৬৬ বছরের মধ্যে।
লোকমান এফেন্দি বলেন, খনিতে কর্মরত বলে ধারণা করা এসব বিদেশি ইমিগ্রেশন বিভাগের অভিযান টের পেয়ে বিভিন্নভাবে পালানোর চেষ্টা করেন। কয়েকজন খনির পানিতে ঝাঁপ দিয়ে ডুব দেন।
আরও পড়ুন <<>> ইতালিতে স্বপ্নের নৃশংস পরিণতি, স্ত্রী-কন্যাসহ বাবুলের দাফন
এসময় বাংলাদেশি এক ব্যক্তি পাহাড়ের ঢাল বেয়ে পালানোর চেষ্টা করলে পিছলে পড়ে যান। এতে তার মাথা, হাত ও পায়ে আঘাত লাগে। আহত ওই ব্যক্তিকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হলে তাকে আটক করা হয়।
ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তা বলেন, অভিযানটি সফল করতে কর্মকর্তারা পরিচয় গোপন রেখে এবং বিভাগের বাইরে অন্য যানবাহন ব্যবহার করে খনি এলাকায় প্রবেশ করেন। এতে সেখানে অবস্থানরত বিদেশিরা আগেভাগে অভিযান সম্পর্কে জানতে পারেননি।
আটক সবাইকে অবৈধ অভিবাসী (পিএটিআই) হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনে তদন্ত করা হচ্ছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































