ছবি: আপন দেশ
মালয়েশিয়ার কুয়ালালামপুরের বহুতল ভবনের ১০ তলা থেকে নিচে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম, মিল্লাত হোসেন (৪২)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের হাসনাবাদ এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে।
বুধবার দুপুরে নিহত মিল্লাতের বড় ভাই শরীফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, প্রায় ১০ বছর আগে মিল্লাত জীবিকার তাগিদে মালয়েশিয়ায় যায়। তিনি রাজধানী কুয়ালালামপুরে নির্মাণশ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার সংসারে স্ত্রী ও দুই মেয়ে রয়েছে।
আরও পড়ুন <<>> ইতালিতে নারী পাচার চক্রের ৭ সদস্য গ্রেফতার
শরীফ হোসেন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে মিল্লাত বিদেশের মাটিতে রয়েছে। কাজ করতে গিয়ে একটি বহুতল ভবনের ১০ তলা থেকে পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। কখনো ভাবিনি এভাবে তার মৃত্যুর খবর শুনতে হবে। আমার ভাই খুব ভালো মানুষ ছিল। পরিবারের কাউকে মানাতে পারছি না।
রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আতিকুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। কিন্তু ঘটনাটি দুঃখজনক। খোঁজ নিয়ে মরদেহ দেশে আনতে পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































