ছবি : সংগৃহীত
মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন ২ জন।
শুক্রবার (১৩ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ।
নিহতরা হলেন, তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার।
আহতরা হলেন, জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, শুক্রবার ভোরে সেহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ৭ জন গুরুতর অগ্নিদগ্ধ হয়। এসময় বাকিরা অন্য রুমে ঘুমিয়ে ছিলেন।
স্থানীয় নাগরিক এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে পাঁচ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়। বাকি দুইজন প্রবাসী বাংলাদেশিকে গুরুতর আহত অবস্থায় রাজধানী মালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে বলেন, ‘পাঁচজন প্রবাসী ভাইকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। আহত দুইজনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে, তাদের অবস্থাও আশঙ্কাজনক।’
আরও পড়ুন : শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা, তাহেরকে উপনেতার স্বীকৃতি
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে খোঁজখবর নিতে বর্তমানে হাইকমিশনের একটি প্রতিনিধি দল ওই দ্বীপে অবস্থান করছেন। একই সঙ্গে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন, তাদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































