Apan Desh | আপন দেশ

ভোটের সময় এনআইডি ব্লক হতে পারে প্রবাসীদের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪৪, ৪ জানুয়ারি ২০২৬

ভোটের সময় এনআইডি ব্লক হতে পারে প্রবাসীদের

ফাইল ছবি

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে ফেসবুকে ছবি বা ভিডিও শেয়ার করলেই ব্লক হবে এনআইডি। নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়বেন ভোটাররা।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটের গোপনীয়তা লঙ্ঘন করলে এনআইডি ব্লক করার পাশাপাশি প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থাও নেয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে পোস্টাল ভোটে নিবন্ধিত ১৩ লাখ ভোটারের জন্য এ কড়া হুঁশিয়ারি জারি করেছে ইসি।

শনিবার (০৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ভোটারদের এমন হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্টাল ব্যালটে ভোটদানের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের এনআইডি ব্লক করাসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশনের বার্তায় আরও বলা হয়, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট দেয়ার তথ্য বা ব্যালটের ছবি বা ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তির জাতীয় পরিচয়পত্র ব্লক করাসহ অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোটের যে কোনো ধরনের পোস্ট বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে প্রবাসী, কয়েদি ও সরকারি চাকরিজীবীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ডাকযোগে ভোট দেয়ার এই ব্যবস্থায় নিবন্ধকারীরা ভোটকেন্দ্রে গিয়ে যে সব ভোটাররা ভোট দেবেন তাদের চেয়ে কয়েক সপ্তাহ আগেই ভোট দেয়ার সুযোগ পাবেন। তাই ভোটের গোপনীয়তা রক্ষায় এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

এনআইডি ব্লক করা হলে, বিভিন্ন ধরনের সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হন নাগরিকরা। ইতোমধ্যে বিভিন্ন দেশে থেকে প্রবাসী ও দেশে বসবাসরতদের মধ্যে প্রায় ১৩ লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়