Apan Desh | আপন দেশ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জামায়াতের বিক্ষোভের ডাক

ঠাকুরগাঁও প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৭, ৩০ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ফল প্রত্যাখ্যান করে জামায়াতের বিক্ষোভের ডাক

ছবি: আপন দেশ

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে বিজয়ী হয়েছেন মির্জা ফয়সল আমীন। 

তবে এ ফল প্রত্যাখ্যান করে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ দলটির।

শনিবার (৩১ অক্টোবর) এ কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন নির্বাচোনে মির্জা ফয়সল আমীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত প্রার্থী দেলাওয়ার হোসেন।

দেলোয়ার হোসেন বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়। মাঠে ভোটার নেই, কিন্তু ফলাফলের শতাংশ তাদের মতো করে দেখানো হয়েছে।

তিনি বলেন, বিএনপিকে ভোট না দিলে বাড়িতে থাকতে পারবে না বলে হুমকি দিয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। ভোটকেন্দ্রে খুব বেশি ভোটার উপস্থিতি ছিল না। পরে জোরপূর্বক ও টাকা দিয়ে ধানের শিষে ভোট দিতে বাধ্য করা হয়েছে।

আরও পড়ুন <> ঠাকুরগাঁও উপনির্বাচনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী

দেলোয়ার হোসেন বলেন, নির্বাচনে ব্যাপক জাল ভোট দেয়া হয়েছে। যাদের আটক করেছে তাদেরকেও ছেড়ে দেয়া হয়েছে।

জামায়াতের এই প্রার্থী আরও অভিযোগ করেন, ভোট গণনার সময় পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। অনেককে মেরে মারাত্মকভাবে আহত করা হয়েছে। এখন বিভিন্ন স্থানে আমাদের লোকদের ওপর হামলা করা হচ্ছে। প্রশাসনের সহায়তা আমরা ঠিকভাবে পাইনি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রাত পৌনে ১০টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। 

এতে ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়