Apan Desh | আপন দেশ

নাহিদ রানাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৪০, ১৬ সেপ্টেম্বর ২০২৬

নাহিদ রানাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বিসিবি

ফাইল ছবি

চোট কাটিয়ে বল হাতে ফিরেছেন নাহিদ রানা। তবে ত্রিদেশীয় সিরিজে দেখা যাবে না বাংলাদেশের এ গতি তারকাকে। চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পথে থাকা নাহিদকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও টিম ম্যানেজমেন্ট।

জিম্বাবুয়ে সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন নাহিদ রানা। সে চোটে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে আছেন টাইগার এ সেনসেশন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে খেলা হয়নি এ পেসারের। যদিও অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে, বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

মাস দেড়েক পর কদিন আগে থেকে বল হাতে অনুশীলন শুরু করেছেন নাহিদ। লম্বা চোট কাটিয়ে ছোট রান-আপে বল করছেন। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। বুঝেশুনেই তাকে নিয়ে এগোচ্ছে বিসিবি।

আরও পড়ুন<<>>রোমাঞ্চকর জয় রিয়াল মাদ্রিদের 

আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা এটা আগেই জানা গিয়েছিল। টেস্টের পর আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ মাঠে গড়াবে। সে সিরিজেও নাহিদকে বিশ্রামে রাখা হবে বলে আভাস পাওয়া গেছে। বিসিবি সূত্র এমনটাই জানিয়েছে।  

আপাতত দেশেই থাকবেন এ গতিতারকা। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফিরতে পারেন নাহিদ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের একটিতে খেলবেন তিনি। কেননা দক্ষিণ আফ্রিকা সিরিজে নাহিদকে ফুল ফিট হিসেবে দলে চায় বিসিবি।

নাহিদকে নিয়ে বাংলাদেশের পরিকল্পনা শুধু একটি ম্যাচ বা সিরিজকে ঘিরে নয়। দীর্ঘমেয়াদে তাকে পুরোপুরি ফিট রেখে গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে কাজে লাগাতেই আপাতত সতর্ক বিসিবি। চোট কাটিয়ে ফিরলেও তাই এখনই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানো হচ্ছে না দেশের অন্যতম সম্ভাবনাময় এ পেসারকে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়