ফাইল ছবি
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগের শেষ নেই। বিশেষ করে গেল দুই আসরে নানা অনিয়ম চোখে পড়েছে। তাই চলতি বছর এ ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আরেকটি ‘জোড়াতালি’র টুর্নামেন্ট আয়োজন করতে চাচ্ছে না বোর্ড।
সবকিছু গুছিয়ে নতুন আঙ্গিকে বিপিএল ফেরানোর পরিকল্পনা করছে বিসিবি। চলতি বছরে যেহেতু হচ্ছে না বিপিএল, সে কারণে আগামী বছরের নভেম্বর স্লটে টুর্নামেন্টটি আয়োজনের চিন্তা করছে বিসিবি। এ ছাড়া বিপিএল আয়োজনের সম্ভাব্য সময় হিসেবে ফেব্রুয়ারি মাসও আলোচনার টেবিলে রয়েছে। এমন তথ্য জানিয়েছেন বিসিবির একজন পরিচালক।
আরও পড়ুন<<>>ইউএস ওপেনের নতুন রানি রাইবাকিনা
বিপিএলকে আরও আকর্ষণীয় করতে কিছুটা সময় নিতে চাচ্ছে বিসিবি। নতুন স্লটের ভাবনাও এ কারণে। এর আগে বিপিএল আয়োজনের মান উন্নত করতে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির সঙ্গে চুক্তি করেছিল।
তবে আগামী আসর ঠিক কীভাবে আয়োজন করা হবে, ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হবে নাকি নতুন নিজস্ব ব্যবস্থাপনা দল গঠন করা হবে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এ ছাড়া দেশের বাইরের সফল বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বিপিএলে যুক্ত করার বিষয়েও আলোচনা আছে।
বিপিএলের সময়সূচি, ব্যবস্থাপনা, পারিশ্রমিক, ফ্র্যাঞ্চাইজি কাঠামো ও সামগ্রিক আয়োজনকে আরও গোছানো করে আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতামূলক ও দর্শকবান্ধব লিগ হিসেবে গড়ে তোলাই এখন মূল লক্ষ্য থাকছে তামিম ইকবালের বোর্ডের জন্য।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































