ফাইল ছবি
নানা সংকট সত্বেও গেল কয়েক বছর নিয়মিত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে চলতি বছর ঘরোয়া এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না বোর্ড। নতুন করে গুছিয়ে তবেই বিপিএল মাঠে ফেরানোর পরিকল্পনা করা হচ্ছে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
বিপিএল নিয়ে বোর্ডের এমন সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে যাচ্ছেন দেশের ক্রিকেটাররা। যারা নিয়মিত ঘরোয়া ক্রিকেটের ওপর নির্ভরশীল তাদের জন্য সমস্যা আরও প্রকট হতে পারে। যে কারণে এমন সিদ্ধান্তে ঘরোয়ার ক্রিকেটাররা খুব একটা খুশি না সেটা বলাই চলে।
এ ইস্যুতে রোববার (৩০ আগস্ট) বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ক্রিকেটাররা। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি ঘরোয়াতে খেলা নিয়মিত খেলোয়াড়রাও উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এ ছাড়া ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিনিধিও থাকবেন।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকের আগে ক্রিকেটাররা নিজেরা একদফা বৈঠক করবেন বলে জানিয়েছে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন। তিনি বলছিলেন, আমরা কালকে বিসিবি সভাপতির সঙ্গে বসব, তার আগে নিজেরা আলাদা করে বসব। ক্রিকেটাররা তাদের চাওয়া পাওয়ার বিষয়ে জানাবে। শুধু বিপিএল না দেশের সব ঘরোয়া লিগ নিয়ে আমরা কথা বলব। সবশেষ ডিপিএলেও ভালোভাবে পারিশ্রমিক পায়নি ক্রিকেটাররা। সব মিলিয়ে ক্রিকেটাররা তাদের নিজেদের কথা বলবে।
এর আগে বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল সম্প্রতি আভাস দিয়েছিলেন, চলতি বছর মাঠে গড়াচ্ছে না বিপিএল। পুরো টুর্নামেন্ট গুছিয়ে নতুন করে শুরু করতে চান বলেও জানিয়েছিলেন।
জাতীয় দলের ২০-২৫ জন ক্রিকেটারের বাইরে সব ক্রিকেটারকেই বিপিএল ও ডিপিএলের ওপর নির্ভর করতে হয়। এদিকে চলতি বছরের ডিপিএলেও পারিশ্রমিক কমে গেছে অনেকটাই। বিপিএল না হলেও ক্রিকেটারদের জন্য বিকল্প কোনো টুর্নামেন্ট আয়োজন করে আর্থিক ক্ষতি কিছুটা পুষিয়ে দেয়ার আহবান জানিয়েছিলেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































