Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়াকে চাপে রেখে স্বপ্নের সূচনা বাংলাদেশের 

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৬, ১৩ আগস্ট ২০২৬

আপডেট: ০৯:৪৮, ১৩ আগস্ট ২০২৬

অস্ট্রেলিয়াকে চাপে রেখে স্বপ্নের সূচনা বাংলাদেশের 

ছবি : সংগৃহীত

অবশেষে ফুরাল অপেক্ষা। দীর্ঘ প্রায় দুই যুগ পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নামল বাংলাদেশ দল। স্বাগতিকদের বিপক্ষে মারারা স্টেডিয়ামে স্বপ্নের সূচনা করল টাইগাররা। নিজেদের মাঠে অজিদের ব্যাটিংয়ের শুরুটা যতটা স্বস্তিদায়ক হওয়ার কথা ছিল। লাল সবুজ দলের বোলাররা তা হতে দেননি।

নতুন বলে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেন শুরু থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে রেখেছেন। প্রথম ইনিংসের প্রথম সেশনেই টাইগার বোলাররা তুলে নিয়েছেন চারটি উইকেট! অবিশ্বাস্য হলেও সত্য ৪ উইকেট নিয়ে লাঞ্চের বিরতিতে বাংলাদেশ!

বাংলাদেশকে পাহাড়সম রানে চাপ দেয়ার লক্ষ্যে আজ ডারউইনে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। তবে স্বাগতিকরা ৪৫ রানে হারায় জেক ওয়েদারাল্ডকে। ২৩ রান করা এই অভিষিক্ত ওপেনার শুরু থেকেই একটু অস্থির ছিলেন। হাসান মাহমুদের বলে অফ স্টাম্পের বাইরের দিকে অযথা শট খেলতে গিয়ে উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ দেন তিনি। অস্ট্রেলিয়ার রান তখন ৪৫।

এরপর ক্রিজে আসেন মার্নাস লাবুশেন। কিন্তু তাকে খুব বেশি সময় দেননি বাংলাদেশের বোলাররা। ৫২ রানের মাথায় ট্রাভিস হেডকে ফিরিয়ে দেন হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরে থেকে ভেতরে ঢুকে আসা বলে ব্যাট চালাতে গিয়ে ভেতরের কানা লেগে বল সোজা গিয়ে লাগে লেগ স্টাম্পে। ২২ রান করে ফিরতে হয় অস্ট্রেলিয়ার এই ওপেনারকে।

দুই ওপেনারকে হারানোর পর অস্ট্রেলিয়ার ওপর চাপ আরও বাড়ে। ক্রিজে তখন লাবুশেনের সঙ্গে স্টিভ স্মিথ। অভিজ্ঞ স্মিথ অবশ্য শুরুতেই দুবার জীবন পেয়েছেন। এবাদত হোসেনের বলে তৃতীয় স্লিপে ক্যাচ উঠলেও সেটি হাতছাড়া করেন বাংলাদেশের ফিল্ডার। পরে আবার এবাদতের বলেই ব্যাটের কানা লেগে বল ফাঁকা তৃতীয় স্লিপ দিয়ে চার হয়ে যায়।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

তবে সে সুযোগ হাতছাড়া করার পরও বাংলাদেশ থামেনি। এবাদতই শেষ পর্যন্ত লাবুশেনকে ফিরিয়ে দেন। ৬১ রানের মাথায় তার বলে স্লিপে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রান করে ফেরেন লাবুশেন।

তিন উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তখন বেশ চাপে। ক্রিজে স্মিথের সঙ্গে নতুন ব্যাটার ক্যামেরন গ্রিন। প্রথম বলেই গ্রিনের ব্যাটের নিচের কানায় বল লেগে স্টাম্পের খুব কাছ দিয়ে চলে যায়। পরের দুটি বল সামলে নিয়ে অবশ্য তিন রান নিয়ে রানের খাতা খোলেন তিনি।

শুরু থেকে আক্রমণাত্মক খেলতে চাওয়া গ্রিনের ইনিংস অবশ্য শুরুতেই আটকে দিয়েছেন তাসকিন। ব্যক্তিগত ১৩ রানে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এ অজি ব্যাটার।

৭৪ রানে রানে ৪ উইকেট হারিয়ে প্রথম সেশন শেষ করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ দুইটি, তাসকিন ও এবাদত হোসেন নিয়েছেন একটি উইকেট।

ডারউইনের আর্দ্র আবহাওয়া ও পিচে সামান্য নড়াচড়ার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশের পেসাররা যে শুরুটা এনে দিয়েছেন, তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এ টেস্টের প্রথম সকালেই তৈরি হয়েছে লড়াইয়ের আবহ। এখন দ্বিতীয় সেশনে স্মিথ কতটা সামলাতে পারেন, সেটিই দেখার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়