Apan Desh | আপন দেশ

দলবদলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:৩১, ৫ আগস্ট ২০২৬

দলবদলের গুঞ্জন নিয়ে মুখ খুললেন ভিনিসিয়ুস

ছবি : সংগৃহীত

উত্তর আমেরিকা বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন রটে ইউরোপের ক্লাব ফুটবলে গ্রীষ্মকালীন দলবদলে রিয়াল মাদ্রিদ ছাড়ছেন ভিনিসিয়ুস জুনিয়র। একইসঙ্গে এ ব্রাজিল ফরোয়ার্ড আর্সেনালে যোগ দেবেন বলেও শোনা যায়। কিন্তু বিষয়টি নিয়ে মুখ খোলেননি তিনি। অবশেষে নিরবতা ভেঙে ভিনি জানিয়ে দিলেন সব গুজব। 

দ্বিতীয় দফায় রিয়ালের দায়িত্ব নিয়েছেন হোসে মরিনিয়ো। তার অধীনে ভিনিসিয়ুস দারুণ হাসিখুশি পরিবেশে নতুন মৌসুমের প্রস্তুতি শুরু করেছেন। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার গুঞ্জনও থেমে নেই। পর্তুগিজ কোচের অধীনে প্রাক-মৌসুম প্রস্তুতির দ্বিতীয় দিনের অনুশীলন শেষে ইতিবাচক অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভিনি।

রিয়াল মাদ্রিদ টিভিকে ব্রাজিলের ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, সবকিছু খুব ভালো হয়েছে। নতুন কোচ ও খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হচ্ছি এবং খুব কঠোর পরিশ্রম করছি। মরিনিয়ো চান আমি যেন সব সময়ের মতোই থাকি– হাসিখুশি, প্রাণবন্ত এবং নিজের স্বাভাবিক ফুটবল খেলি।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। তবে স্প্যানিশ ও ব্রিটিশ সংবাদমাধ্যমের দাবি, নতুন চুক্তি নিয়ে ক্লাব ও ফুটবলারের মধ্যে এখনও আলোচনা চলছে। একই সময়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালও তাকে দলে ভেড়ানোর সম্ভাবনা খতিয়ে দেখছে। এখন পর্যন্ত রিয়ালের হয়ে ১২৮টি গোল এবং ১০০টি অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়ুস।

আগামী বছর বিনা ট্রান্সফার ফিতে তাকে হারানোর ঝুঁকি নিতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা। এদিকে, সম্প্রতি ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ব্যস্ত সময় পার করেছেন ভিনিসিয়ুস। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলেও টুর্নামেন্টে চার গোল করে তিনি ছিলেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এখন তার পুরো মনোযোগ নতুন মৌসুমের প্রস্তুতিতে।

ভিনি বলছেন, আমাদের শারীরিকভাবে ভালো প্রস্তুতি নিতে হবে, যাতে মৌসুমজুড়ে চোট কম হয় এবং আমরা সবাইকে দলে পাই। আজকের অনুশীলনটা খুব ভালো হয়েছে। আমরা সবাই খুব ক্লান্ত হয়ে মাঠ ছেড়েছি। তবে এখন বিশ্রাম নেয়ার সময়, কারণ বুধবার আবার অনুশীলন আছে। প্রাক-মৌসুম প্রস্তুতি এমনই হয়, আর আমাদের প্রস্তুত থাকতে হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়