Apan Desh | আপন দেশ

 শাস্তির মুখে শেখ মেহেদী

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৮, ২৩ জুলাই ২০২৬

 শাস্তির মুখে শেখ মেহেদী

ফাইল ছবি

গেল জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। কুড়ি ওভারের সিরিজ চলাকালে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন শেখ মেহেদী হাসান। এতে বোর্ডের কোড অব কনডাক্ট ভঙ্গ হওয়ায় মেহেদীকে শুনানির জন্য তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শৃঙ্খলা কমিটি। এ স্পিন বোলিং অলরাউন্ডার কমিটির কাছে নিজের বক্তব্য জমা দিয়েছেন এবং আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিনি শাস্তির মুখে পড়তে যাচ্ছেন।

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাট হাতে ২২ বলে ২৯ রান করার পাশাপাশি বল হাতে একটি উইকেট নিয়েছিলেন শেখ মেহেদী। তবে তিন ম্যাচ সিরিজের পরের দুটিতে তাকে একাদশে রাখা হয়নি। টি-টোয়েন্টি সংস্করণের ক্রিকেটের জন্য স্বীকৃত খেলোয়াড় হওয়া সত্ত্বেও নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় তখন ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছিলেন শেখ মেহেদী।

গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শেখ মেহেদী আক্ষেপ নিয়ে বলেছিলেন, নিয়মিত না খেলতে পারাটা তার জন্য হতাশাজনক। কারণ তিনি মূলত টি-টোয়েন্টি খেললেও সেখানেও টানা সুযোগ পান না। দলীয় কম্বিনেশন কিংবা ম্যাচ-আপের কারণে প্রায়ই তাকে একাদশের বাইরে থাকতে হয়। আর নিয়মিত খেলার সুযোগ পেলে নিজের পারফরম্যান্সের আরও উন্নতি করতে পারতেন বলেও উল্লেখ করেছিলেন তিনি।

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

আচরণবিধি ভঙ্গের দায়ে বুধবার (২২ জুলাই) বোর্ডের শৃঙ্খলা কমিটির মুখোমুখি হন এ অলরাউন্ডার। বিসিবির একটি সূত্র জানিয়েছে, তার শাস্তির বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। কারণ কিছু বিষয় আবারও যাচাই-বাছাই করে দেখা প্রয়োজন। চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়ার আগে তিনি অতীতেও এমন কোনো অপরাধ করেছেন কি না, তা-ও খতিয়ে দেখবে কমিটি।

সূত্রটি নিশ্চিত করেছে যে, শুনানির সময় বাংলাদেশের জার্সিতে ১২টি ওয়ানডে ও ৭৬টি টি-টোয়েন্টি খেলা শেখ মেহেদী নিজের ভুল স্বীকার করে নিয়েছেন।

বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলেছেন, এখানে আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন হয়েছে এবং তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। এ নিয়ম ভঙ্গের মাত্রা কতটা গুরুতর সেটা নির্ধারণ করা হবে। তিনি যেহেতু ভুল স্বীকার করে নিয়েছেন, তাই সে অনুযায়ী যথাযথ শাস্তি দেয়া হবে। তাকে আর্থিক জরিমানা করা হবে নাকি তার ম্যাচ ফি কেটে নেয়া হবে, তা পরবর্তীতে চূড়ান্ত করা হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়