Apan Desh | আপন দেশ

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:০৬, ১৯ জুলাই ২০২৬

জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

অবশেষে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হারের পর টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা।

রোববার (১৯ জুলাই) তৃতীয় টি-টোয়েন্টিতে ৪ উইকেটের জয় পায় তাওহিদ হৃদয়ের দল।

হারারের ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে টপকে যায় বাংলাদেশ। শেষ ওভার পর্যন্ত গড়ানো উত্তেজনাপূর্ণ লড়াইয়ে ২ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ডিওন মায়ার্স। ৫৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল দলের ভরসা।

এছাড়া ব্রায়ান বেনেট ৩৮ বলে ৪৭ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ৩, রায়ান বার্ল ৭ ও অন্য ব্যাটাররা উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২টি উইকেট নেন। মাহেদী হাসান, রিশাদ হোসেন ও আবদুল গাফফার সাকলাইন একটি করে উইকেট শিকার করেন।

এছাড়া দুটি গুরুত্বপূর্ণ রানআউটও জিম্বাবুয়ের রান আটকে রাখতে বড় ভূমিকা রাখে।

১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। তবে তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন দ্বিতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ইমন ২২ বলে ২৪ রান করে ফিরলেও তানজিদ ইনিংসের হাল ধরে রাখেন।

আরও পড়ুন <<>> সিরিজ জয়ে বাংলাদেশের লক্ষ্য ১৪৪ রান

অধিনায়ক তাওহীদ হৃদয় ১৯ বলে ২৪ রান করেন। ইয়াসির আলী যোগ করেন ৯ বলে ১০ রান। শেষদিকে টানা দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়লেও তানজিদ হাসান শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। তিনি ৫৮ বলে ৬৬ রানের ইনিংসে ১টি চার ও ৪টি ছক্কা হাঁকান। শেষ বলে নয়, বরং ১৯.৪ ওভারে মাহেদী হাসানের বাউন্ডারিতে নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ও ব্র্যাড ইভান্স দুটি করে উইকেট নেন। সিকান্দার রাজাও শিকার করেন ২টি উইকেট।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়