Apan Desh | আপন দেশ

লিটন দাসকে নিয়ে দুঃসংবাদ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৪, ২৯ জুন ২০২৬

লিটন দাসকে নিয়ে দুঃসংবাদ

ফাইল ছবি

লিটন কুমার দাসকে নিয়ে দুঃসংবাদ এসছে। জিম্বাবুয়ে সফরে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে আরও দীর্ঘ অপেক্ষা। পায়ের চোট থেকে এখনও পুরোপুরি সেরে না ওঠায় সিরিজের শুরুতে তাকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে শেষ দুই ওয়ানডের আগে এ উইকেটকিপার-ব্যাটারের দলে ফেরার আশাবাদী টিম ম্যানেজমেন্ট।

চলতি মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে বাঁ পায়ের কাফ মাসলে চোট পান লিটন। সে ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারেননি তিনি। এরপর জিম্বাবুয়ে সফরের টেস্ট দল থেকেও ছিটকে যান বাংলাদেশের ৩১ বছর বয়সী এ অভিজ্ঞ ক্রিকেটার।

জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, লিটনের চোট এখনও গ্রেড-ওয়ান পর্যায়ে রয়েছে। সাধারণত এ ধরনের ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগে। ইতোমধ্যে পুনর্বাসনের দুই সপ্তাহ শেষ হয়েছে এবং চিকিৎসক দল আশা করছে, তিন সপ্তাহের মধ্যেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরতে পারবেন।

তবে প্রথম ওয়ানডেতে লিটনের খেলার সম্ভাবনা খুবই কম বলেও জানিয়েছেন দলের ফিজিও। তার ভাষ্য, ফিটনেস টেস্ট এবং প্রয়োজনীয় সব শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই কেবল তাকে ম্যাচের জন্য বিবেচনা করা হবে।

আরও পড়ুন <<>> তামিম ইকবালকে আজীবন সদস্যপদ দিল এমসিসি

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে সিরিজের দ্বিতীয় বা তৃতীয় ওয়ানডেতে লিটনের মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে। ফলে তাকে নিয়ে আশাবাদ পুরোপুরি শেষ হয়ে যায়নি।

এদিকে বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, বুধবার জিম্বাবুয়ের উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে লিটনের। সফরে দলের সঙ্গে থেকেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement