Apan Desh | আপন দেশ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে নেইমার

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১২:০৭, ২৯ জুন ২০২৬

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার মানুষের পাশে নেইমার

ছবি সংগৃহীত

দুই দফা ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা। এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আরও অন্তও ৬০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। এমন পরিস্থিতিতে দেশটির মানুষের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। 

ভেনেজুয়েলার জরুরি উদ্ধার ও মানবিক সহায়তার জন্য ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার (প্রায় ৩ কোটি টাকা) অনুদান দিয়েছেন এ তারকা। এক প্রতিবেদনে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল সুমারিও এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ অর্থ দিয়ে দুর্গত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানীয় পানি, চিকিৎসাসামগ্রী এবং অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হবে।

নেইমার বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আমি আশা করি, এ ছোট্ট সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছুটা হলেও শক্তি ও স্বস্তি বয়ে আনবে।

এর আগে বুধবার ভেনেজুয়েলায় ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

আরও পড়ুন<<>>ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা

দেশটির জাতীয় পরিষদের সভাপতি হোর্হে রদ্রিগেজের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জন এবং ঘরবাড়ি হারিয়ে বাস্তুচ্যুত হয়েছেন অন্তত ৩ হাজার ১৪২টি পরিবার।

উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপে আটকে পড়াদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ভারী উদ্ধারযন্ত্রের সংকট এবং একের পর এক আফটারশকের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।

এদিকে মাঠে ফেরার পথেও রয়েছেন নেইমার। ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, চোট কাটিয়ে তারকা ফরোয়ার্ডের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। এবার জাপানের বিপক্ষে শেষ ৩২-এর ম্যাচে আগের চেয়ে বেশি সময় খেলার মতো অবস্থায় আছেন বলে জানিয়েছেন আনচেলত্তি।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement