ছবি: আপন দেশ
দেশের ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের প্রতি বৈষম্য দূর, তাদের নিরাপত্তা নিশ্চিত, ক্ষমতায়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ক্রীড়ানুরাগী পাঁচজন বিশিষ্ট নারীর সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনুকে।
কমিটির অপর চার সদস্য হলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি সারওয়াত সিরাজ (শুক্লা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ইকোনমিকসের অধ্যাপক নাসরিন সুলতানা এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব উম্মে ইসরাত।
মঙ্গলবার (০২ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব অংগ্যজাই মারমা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন<<>>আর্জেন্টিনা সমর্থকদের সুখবর দিলেন মার্টিনেজ
এ কমিটির কার্যপরিধি সমুহ-
(ক) ক্রীড়াঙ্গনে নারী প্রতিভার সুরক্ষা, নিরাপত্তা, অংশগ্রহণ, বিকাশ ও উন্নয়নমূলক কর্মকৌশল প্ৰণয়ন
(খ) ক্রীড়াক্ষেত্রে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ
(গ) তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সম্ভাবনাময় নারী ক্রীড়াবিদদের বৃহত্তর পরিসরে অংশগ্রহণের জন্য প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনে প্রাতিষ্ঠানিক ও আইনগত সহযোগিতা দেয়া
(ঘ) ক্রীড়াবিদদের স্বাস্থ্য, পুষ্টি, মানসিক উন্নয়ন নিশ্চিতকরণসহ সামাজিক অবস্থান তৈরিতে পদক্ষেপ গ্রহণ
(ঙ) নারী ক্রীড়ায় বিনিয়োগ ঘাটতি দূরীকরণ এবং নারীদের জন্য সম-আর্থিক সুবিধা প্রতিষ্ঠা করা
(চ) নারী অধিকার প্রতিষ্ঠা ও ক্ষমতায়নে ক্রীড়াকে একটি অন্যতম মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা করা এবং
(ছ) ক্রীড়াঙ্গনে নারীদের প্রতি বৈষম্য দূরীকরণ, সুরক্ষা, নিরাপত্তা ও সমতা প্রতিষ্ঠায় পদক্ষেপ গ্রহণ করা।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি দুই মাস অন্তর কমিটির কার্যক্রম ও অগ্রগতি লিখিতভাবে সরকারকে অবহিত করবে। কমিটি কোন সুনির্দিষ্ট বিষয়ে প্রয়োজনে বিশেষজ্ঞ কাউকে সদস্য হিসাবে কো-অপ্ট করতে পারবেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































