ছবি: আপন দেশ
সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের কাছে ৩-০ গোলে হেরে গ্রুপ ‘বি’র রানার্সআপ হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের মেয়েরা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। ফলে গ্রুপসেরা হওয়ার সুযোগ হাতছাড়া হয়।
ম্যাচের শুরুতে বাংলাদেশ কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে নিয়ন্ত্রণ নেয় ভারত। প্রথমার্ধে আনিকা রানিয়া সিদ্দিকীর একটি শট ছাড়া বাংলাদেশের আর কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি হয়নি। অন্যদিকে ভারত একের পর এক আক্রমণে চাপ সৃষ্টি করতে থাকে।
ম্যাচের ৩৬ মিনিটে রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে প্রথম গোল করেন ভারতের পিয়ারি জাজা। সুরমা জান্নাতের ভুল হেড থেকে পাওয়া বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন তিনি।
বিরতির পর বাংলাদেশ সমতায় ফেরার চেষ্টা করলেও আক্রমণভাগের দুর্বলতায় সফল হতে পারেনি। ম্যাচের ৬৫ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। কিন্তু তাতেও পরিস্থিতির পরিবর্তন হয়নি।
৭৭ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করে ভারত। ডি-বক্সে ফাউলের শিকার হন ভারতের মালাভিকা। স্পটকিক থেকে গোল করেন লিয়েন্ডা। ম্যাচের ৮৯ মিনিটে মালাভিকা আরও একটি গোল করলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ভারত।
মালদ্বীপের বিপক্ষে খেলা একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন বাটলার। সেন্ট্রাল ডিফেন্ডার আফঈদা খন্দকারকে বাইরে রেখে সুরমা জান্নাতকে সুযোগ দেয়া হয়। এছাড়া উমেলাহ মারমার পরিবর্তে একাদশে ফেরেন মনিকা চাকমা। তবে এসব কৌশলগত পরিবর্তন কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেনি।
আরও পড়ুন <<>> সাফে আজ ভারতের মুখোমুখি হচ্ছেন মেয়েরা
এ হারের ফলে গ্রুপ রানার্সআপ হয়ে বাংলাদেশ সেমিফাইনালে খেলবে নেপালের বিপক্ষে। ৩ জুন অনুষ্ঠিতব্য সেমিফাইনালে বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
সাফ নারী চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ৫টি, বাংলাদেশ ২টি এবং একটি ম্যাচ ড্র হয়েছে। মুখোমুখি লড়াইয়ে ভারতের গোল ২২টি, বাংলাদেশের ৭টি।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































