Apan Desh | আপন দেশ

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩১, ৪ মে ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ম্যানচেস্টার ইউনাইটেড

ছবি : সংগৃহীত

কোবি মাইনুর জয়সূচক গোলে লিভারপুলকে ৩-২ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। একই সঙ্গে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে থাকাও নিশ্চিত করেছে দলটি। রোববার (০৩ মে) রোমাঞ্চকর এ ম্যাচটি অনুষ্ঠিত হয় ওল্ড ট্র্যাফোর্ডে।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের ওপর চাপ সৃষ্টি করে ইউনাইটেড। মাত্র ১৪ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম গোলটি আসে ম্যাথুস কুনহার শট আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গায়ে লেগে জালে জড়ালে।

এরপর ব্রুনো ফার্নান্দেজের হেড থেকে বল বেঞ্জামিন সেসকোর গায়ে লেগে গোললাইন অতিক্রম করলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৯৯৯ সালের পর লিভারপুলের বিপক্ষে এটিই ইউনাইটেডের দ্রুততম ২-০ ব্যবধান। প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেজ আরও একটি সুযোগ নষ্ট করলে ইউনাইটেড কিছুটা ছন্দ হারায়।

বিরতির পর ঘুরে দাঁড়ায় লিভারপুল। ১১ মিনিটের মধ্যেই ব্যবধান কমান ডমিনিক সোবোজলাই। পরে গোলরক্ষক সেনে ল্যামেনসের ভুলে সমতায় ফেরে লিভারপুল। তার দুর্বল পাস থেকে বল পেয়ে ম্যাক অ্যালিস্টার তা বাড়িয়ে দেন সোবোজলাইয়ের দিকে। সেখান থেকে সহায়তায় কোডি গাকপো দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৭৭ মিনিটে আবার এগিয়ে যায় ইউনাইটেড। লিভারপুলের দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পেয়ে কোবি মাইনু ঠাণ্ডা মাথায় জালে পাঠান। চলতি সপ্তাহেই নতুন পাঁচ বছরের চুক্তি করা এ তরুণ মিডফিল্ডারের এটিই ২০২৪ সালের মে-এর পর প্রথম প্রিমিয়ার লিগ গোল।

আরও পড়ুন <<>> দলে সুযোগ না পেয়ে ক্রিকেটারের আত্মহত্যা

এ জয়ে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিক ওল্ড ট্র্যাফোর্ডে ৯টি লিগ ম্যাচের মধ্যে ৮টিতে জয় পেয়েছেন। আন্তোনিও কন্তের পর তিনিই প্রথম কোচ, যিনি ঘরের মাঠে প্রথম ৯ ম্যাচে ৮টি জয় পেয়েছেন।

প্রথমার্ধে লিড নেয়ার পর ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের অপরাজিত থাকার রেকর্ড টানা ৩৯৯ ম্যাচে পৌঁছেছে। ২০১৫-১৬ মৌসুমের পর এ প্রথম লিভারপুলের বিপক্ষে হোম ও অ্যাওয়ে—উভয় ম্যাচেই জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্যদিকে এ হারে লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। শেষ তিন ম্যাচে তাদের অন্তত ৪ পয়েন্ট অর্জন করতে হবে। পরবর্তী ম্যাচগুলোতে তাদের প্রতিপক্ষ চেলসি, অ্যাস্টন ভিলা ও ব্রেন্টফোর্ড।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়