Apan Desh | আপন দেশ

বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বন্ধ খেলা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৯, ২ মে ২০২৬

বাংলাদেশ ৩ উইকেট হারানোর পর বৃষ্টিতে বন্ধ খেলা

ছবি সংগৃহীত

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টির ফল গেছে বৃষ্টির পেটে। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি পরিণত হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ের মুখে পড়েছে লাল সবুজের প্রতিনিধিরা। মাত্র ৩৫ রানেই মূল্যবান ৩ উইকেট হারিয়েছে তারা। তবে বৃষ্টির কারণে খেলা আপাতত বন্ধ।

শনিবার (০২ মে) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক নিক কেলি।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও ২১ রানে প্রথম উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। এক পর্যায়ে ৩৫ রানেই বাংলাদেশ দল হারিয়ে ফেলে ৩ উইকেট। শুরুর ধাক্কা সামলে লিটন দাস ও তাওহীদ হৃদয়ের প্রতিরোধে এগোচ্ছে টাইগাররা। তবে দলের রান ৫০ পূর্ণ হওয়ার পর বৃষ্টি নামে।

ফলে ম্যাচ আপাতত বন্ধ রয়েছে। বৃষ্টির কারণে কাভারে ঢেকে রাখা হয়েছে উইকেট। বৃষ্টির আগে লিটন দাস আক্রমণাত্মক ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখছিলেন। এ প্রতিবেদন লেখার সময় ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছে টাইগাররা। লিটন দাস ২৫ ও তাওহীদ হৃদয় ২ রান নিয়ে ব্যাট করছেন।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ চট্টগ্রামে ছিল। যদিও ৬ উইকেটে জয় দিয়ে সিরিজ শুরুর পর দ্বিতীয় টি-টোয়েন্টি মাঠেই গড়াতে পারেনি। ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টিতে। সেদিনের মতো এদিনও চোখ রাখাচ্ছে বিরূপ আবহাওয়া। সে শঙ্কা নিয়েই আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। 

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

আগের ম্যাচের একাদশে কেবল একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা, তানজিম হাসান সাকিব পিঠের চোটের কারণে বাদ পড়েছেন। তার বদলে নেয়া হয়েছে সাইফউদ্দিনকে।

অন্যদিকে, সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমে একাদশে দুটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে একাদশে ঢুকেছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স। 

বাংলাদেশের একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও রিপন মন্ডল।

নিউজিল্যান্ডের একাদশ : টিম রবিনসন, কাটেনে ক্লার্ক, ড্যান ক্লেভার, নিক কেলি (অধিনায়ক), বেভন জ্যাকবস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, ইশ সোধি, জেডন লেনক্স ও বেন সিয়ার্স।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়