Apan Desh | আপন দেশ

পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩১, ১১ এপ্রিল ২০২৬

আপডেট: ১৬:৩২, ১১ এপ্রিল ২০২৬

পিএসএল থেকে ছিটকে গেলেন ইমন

ছবি: সংগৃহীত

চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর থেকে ছিটকে গেছেন বাংলাদেশি ব্যাটার পারভেজ হোসেন ইমন। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন তিনি। শনিবার (১১ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার এ খবর জানিয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়, গত ৩ এপ্রিল লাহোর পর্বে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচে চোট পান ইমন। সতীর্থ আসিফ আফ্রিদির সঙ্গে ধাক্কা লেগে তার কাঁধে আঘাত লাগে। এ চোটের কারণেই পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাকে। শনিবার পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ শুরুর পরই তিনি দেশে ফিরে আসবেন।

২৩ বছর বয়সী এ উইকেটরক্ষক-ব্যাটার এবারের মৌসুমে লাহোরের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন। তিনি ১৬১ দশমিক ৩৬ স্ট্রাইক রেটে ৭১ রান করেন। এর মধ্যে ১৯ বলে ৪৫ রানের একটি ঝোড়ো ইনিংস রয়েছে। ওই ইনিংসে তিনি দুটি চার ও পাঁচটি ছক্কা হাঁকান।

আরও পড়ুন <<>> সাকিবকে লম্বা সময়ের জন্য চান প্রধান নির্বাচক

আন্তর্জাতিক অঙ্গনে এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমন। এসব ম্যাচে ১৩০ দশমিক ২৫ স্ট্রাইক রেটে তার মোট রান ৬০৭। তার ক্যারিয়ারে রয়েছে তিনটি অর্ধশতক ও একটি শতক।

উল্লেখ্য, তিনবারের চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স বর্তমানে পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে। চার ম্যাচে দুটি জয় ও দুটি পরাজয়ে তাদের পয়েন্ট ২। নেট রানরেট ঋণাত্মক ০ দশমিক ০৫১।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়