Apan Desh | আপন দেশ

বিশ্বকাপ নিয়ে কী বার্তা দিলেন মেসি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৫১, ২ এপ্রিল ২০২৬

আপডেট: ১৪:১০, ২ এপ্রিল ২০২৬

বিশ্বকাপ নিয়ে কী বার্তা দিলেন মেসি

লিওনেল মেসি

ক্রমেই ঘনিয়ে আসছে ফিফা বিশ্বকাপ। এবার ফুটবলের এ মহাযজ্ঞ হতে যাচ্ছে আমেরিকা মহাদেশে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এ তিন দেশ এবারের আসরের আয়োজক। সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে উত্তেজনা। তবে আর্জেন্টাই সমর্থকদের মাঝে একটু অনিশ্চয়তা বিরাজ করছে। কারণ, লিওনেল মেসি। এ মহাতারকা এবার খেলবেন নাকি দর্শকের ভূমিকায় থাকবেন তা এখনও স্পষ্ট নয়।

তবে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত এ আসরে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুধবার (০১ এপ্রিল) জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের দাপুটে জয় দিয়ে মার্চের আন্তর্জাতিক বিরতি শেষ করেছে আর্জেন্টিনা। বুয়েনস এইরেসের লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচের আগে একই ভেন্যুতেই মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারায় লা আলবিসেলেস্তেরা।

এ দুই ম্যাচেই আলোচনায় ছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দারুণ গোল করলেও, ম্যাচ দুটির পর তিনি প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন এলএমটেন।

নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৩৮ বছর বয়সী মেসি প্রথমে স্টোরিতে একটি ছবি পোস্ট করেন, পরে আরও কয়েকটি ছবি শেয়ার করেন। দুই ক্ষেত্রেই তিনি একই ক্যাপশন দেন। যেখানে লেখা ছিল, ‘সবসময় আর্জেন্টিনা’; সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।

আরও পড়ুন<<>>‘ধর্ম নিয়ে উপহাস কেবল মূর্খের কাজ’

এদিকে, আসন্ন বিশ্বকাপে মেসির খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়ে গেছে। লিওনেল স্কালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত করেননি। ওই আসরে আর্জেন্টিনা গ্রুপ ‘জে’তে রয়েছে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া, আলজেরিয়া এবং জর্ডান।

ইতোমধ্যে নিজের ক্যারিয়ারে ৯০২টি গোল পূর্ণ করেছেন মেসি। এর আগে পাঁচটি বিশ্বকাপে খেলা এ মহাতারকা রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপ খেলতে চান। বিশ্বকাপে খেলতে নামলেই এ কীর্তিতে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে রেকর্ড ভাগাভাগি করবেন।

মেসির বিশ্বকাপ খেলা নিয়ে অনিশ্চয়তা প্রসঙ্গে কোচ স্কালোনি বলেন, সে যদি সিদ্ধান্ত নেয় এটি তার শেষ বিশ্বকাপ হবে, তাহলে সেটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হবে। সবাই তাকে দেখতে ও উপভোগ করতে চায়, আর আমি দলের পক্ষ থেকে তাকে সর্বোচ্চ সমর্থন দেয়ার চেষ্টা করব।

তিনি আরও বলেন, সময় এলে আমরা বসে কথা বলব। সে আমাদের মতোই একই লক্ষ্য চায়। যদি সে আসে, সে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবে। আমরা আশা করি, সে আসার সিদ্ধান্ত নেবে, তারপর দেখা যাবে কী হয়।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়