Apan Desh | আপন দেশ

ঈদের দিনও বিদেশে খেলতে ছুটলেন ফুটবলাররা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০০, ২১ মার্চ ২০২৬

আপডেট: ১৭:০১, ২১ মার্চ ২০২৬

ঈদের দিনও বিদেশে খেলতে ছুটলেন ফুটবলাররা

ছবি: সংগৃহীত

ঈদের ছুটির আমেজ ছাপিয়ে বাংলাদেশের ফুটবলে এখন ব্যস্ততার সুর। সারা দেশে যখন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ উৎসব চলছে, তখন দেশের ফুটবলারদের সময় কাটছে বিমানে কিংবা বিদেশের খেলার মাঠে।

জাতীয় দল থেকে শুরু করে অনূর্ধ্ব-২০ নারী ও পুরুষ দল তিনটি ভিন্ন ফুটবল দল এখন দেশের বাইরে লাল-সবুজের পতাকাকে উঁচিয়ে ধরার মিশনে ব্যস্ত সময় পার করছে।

আজ সকালে যখন গোটা দেশ ঈদের নামাজে ব্যস্ত, ঠিক তখনই অনূর্ধ্ব-২০ দলের ফুটবলাররা মালদ্বীপের উদ্দেশে দেশ ছাড়েন।

সেখানে আগামী ২৩ মার্চ থেকে শুরু হতে যাওয়া সাফ টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হবে লাল-সবুজের যুবারা। আগামী ২৪ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এ মিশন শুরু হবে।
একই সময়ে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে থাইল্যান্ডের ব্যাংককে রওনা হয়েছে।

এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অংশ নিতে স্বাগতিক থাইল্যান্ডের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতেই টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহ আগে দেশ ছেড়েছে পিটার বাটলারের শিষ্যরা। 

১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এ আসরে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে শক্তিশালী চীন, ভিয়েতনাম ও স্বাগতিক থাইল্যান্ড। দলটিতে আফঈদা-সাগরিকাদের মতো প্রতিভাবান ফুটবলাররা রয়েছেন, যারা এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন।

অন্যদিকে, জাতীয় ফুটবল দল বা জামাল ভূঁইয়ারা ইতোমধ্যে ভিয়েতনামে পৌঁছেছেন।

গত রাতে ঢাকা ত্যাগ করে চীনের গুয়াংজুতে কয়েক ঘণ্টা যাত্রাবিরতি দিয়ে আজ সকালে তারা হ্যানয় পৌঁছান। এই দলের সঙ্গে যোগ দিতে ইংল্যান্ড থেকে সরাসরি কাল ভিয়েতনাম পৌঁছানোর কথা রয়েছে হামজা চৌধুরীর। 

আগামী ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে একটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে হাভিয়ের কাবরেরার দল। সে ম্যাচ শেষ করে ২৭ মার্চ তারা সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হবে। সেখানে ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।


যদিও সিঙ্গাপুর ইতোমধ্যে মূল পর্বে উত্তীর্ণ হয়েছে, তবে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে থাকা বাংলাদেশ এই শেষ ম্যাচটি জিতে আসর শেষ করতে চায়।
সব মিলিয়ে ঈদের এই ছুটিতে দেশের সাধারণ মানুষ যখন বিশ্রাম আর উৎসবে মেতেছেন, তখন ফুটবলাররা দেশের সম্মান বয়ে আনতে ঘাম ঝরাচ্ছেন বিদেশের মাটিতে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়