Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত ফাইনাল আজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:৩৮, ১৫ মার্চ ২০২৬

বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত ফাইনাল আজ

ছবি: আপন দেশ

ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দাপট দেখিয়ে পাকিস্তানকে উড়িয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই মুদ্রার উল্টো পিঠ দেখেছে টাইগাররা। লাল সবুজের প্রতিনিধিদের বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী দল। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অঘোষিত ফাইনালে পরিনত হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুর সোয়া ২টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। খেলাটি সরাসরি দেখাবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিকরা পাকিস্তানকে মাত্র ১১৪ রানে অলআউট করে ৮ উইকেটের বড় জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচে দেখা যায় উল্টো চিত্র। বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে বাংলাদেশও ১১৪ রানে গুটিয়ে যায়। আর ১২৮ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে শাহীন আফ্রিদির দল। 

বৃষ্টির কারণে প্রায় দেড় ঘণ্টা খেলা বন্ধ থাকার পর ৩২ ওভারে বাংলাদেশের সামনে দাঁড়ায় নতুন লক্ষ্য- ২৪৩ রান। ফলে ব্যাটারদের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং ছাড়া কোনও বিকল্প ছিল না। তবে বৃষ্টি বিরতির আগেই বাংলাদেশের যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। মূল লক্ষ্য ২৭৫ রান তাড়া করতে নেমে ৬.৩ ওভারে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। শেষ ম্যাচে তাই টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে। 

আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা

সার্বিকভাবে দুই ম্যাচে যেটা দেখা গেছে, তাতে করে তৃতীয় ওয়ানডেতে যে দলের ব্যাটিং ইউনিট ভালো করবে, সিরিজ ঝুঁকবে তাদের দিকেই। স্বাগতিক দল হিসেবে এখন নিজেদের ভালো পারফরম্যান্স দেখানোর তাগিদ বাংলাদেশের-ই বেশি। 

এখানে উল্লেখ্য যে, মিরপুরের উইকেট এবার অতীতের মতো অপ্রত্যাশিত আচরণ করেনি। পেসাররা জোরে বল করলে ভালো বাউন্স পাওয়া গেছে এবং তা কাজে লাগাতে পেরেছেন তারা। অন্যদিকে স্পিনাররা অতিরিক্ত টার্ন পাননি, ফলে শট খেলতে আগ্রহী ব্যাটারদের জন্য ব্যাটিং কিছুটা সহজ হয়েছে।

তাই সিরিজ জিততে ব্যাটিংয়ে উন্নতির ওপর জোর দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার কথায়, প্রথম ১০ ওভারে আমরা ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে পারিনি, যেটা আগের ম্যাচে পেরেছিলাম। উইকেট ব্যাটিংয়ের জন্য খুবই ভালো ছিল, কিন্তু আমাদের টপ অর্ডার তেমন রান করতে পারেনি। আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে এবং আরও দায়িত্ব নিতে হবে। আশা করি খেলোয়াড়রা সেভাবেই সাড়া দেবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়