Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, যমুনায় জনতার ঢল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১১, ২১ মার্চ ২০২৬

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, যমুনায় জনতার ঢল

ছবি : আপন দেশ

সর্বস্তরের মানুষের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। তাকে শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণে সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে। সকাল সাড়ে ৮টা থেকে জনসাধারণের জন্য যমুনার দ্বার উন্মুক্ত করে দেয়া হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের জনস্রোত ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়। পুরো এলাকায় শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় শেষে সরাসরি যমুনায় পৌঁছান। সেখানে তিনি প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

আরও পড়ুন : নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্রী

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গুলশানের বাসভবনে ব্যক্তিগত ও পারিবারিক সময় কাটাবেন বলে জানা গেছে।

আপন দেশ/এনএম
 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়