ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ সাপ্তাহিক র্যাংকিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের এ অলরাউন্ডারের।
হালনাগাদ র্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে সপ্তম স্থানে উঠে এসেছেন মিরাজ। পাশাপাশি অলরাউন্ডারদের তালিকায়ও উন্নতি করে দুই ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে অবস্থান করছেন তিনি।
মিরাজের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে দলের আরও কয়েকজন ক্রিকেটারের। বোলারদের তালিকায় তাসকিন আহমেদ ১২ ধাপ এগিয়ে ২৮তম এবং মোস্তাফিজুর রহমান ১৩ ধাপ এগিয়ে ৪৭তম স্থানে উঠেছেন।
সবচেয়ে বড় অগ্রগতি হয়েছে নাহিদ রানার। পাকিস্তান সিরিজে ৮ উইকেট নিয়ে যৌথভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়া এ পেসার ৬৫ ধাপ এগিয়ে এখন ৯৮তম স্থানে অবস্থান করছেন।
আরও পড়ুন <<>> সেনেগালের শিরোপা বাতিল, মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা
ব্যাটারদের তালিকায়ও এসেছে সুখবর। তানজিদ হাসান তামিম পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করে তিন ম্যাচে ১৭৫ রান করেন। ফলে তিনি ৩১ ধাপ এগিয়ে এখন ৫৫তম স্থানে রয়েছেন। এছাড়া লিটন দাস ১০ ধাপ এগিয়ে ৮২তম স্থানে উঠেছেন।
অন্যদিকে পাকিস্তান দলের খেলোয়াড়দের মধ্যেও উন্নতি দেখা গেছে। সালমান আলি আঘা ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে যৌথভাবে নবম স্থানে উঠেছেন এবং অলরাউন্ডারদের তালিকায় তিন ধাপ এগিয়ে যৌথভাবে দশম স্থানে রয়েছেন। এছাড়া অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি অলরাউন্ডারদের তালিকায় চার ধাপ এগিয়ে যৌথভাবে ২৫তম স্থানে অবস্থান করছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































