Apan Desh | আপন দেশ

২০২৭ বিশ্বকাপ খেলবে সাকিব, আশাবাদী আশরাফুল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৪৩, ২২ ফেব্রুয়ারি ২০২৬

২০২৭ বিশ্বকাপ খেলবে সাকিব, আশাবাদী আশরাফুল

ছবি: সংগৃহীত

জাতীয় দলের বাইরে থাকলেও অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে আলোচনা থামছে না। সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল মনে করেন, সঠিক ফিটনেস ও প্রস্তুতি ধরে রাখতে পারলে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারবেন সাকিব।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বগুড়া ও রাজশাহীতে শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাউথ জোনের কোচ আশরাফুল।

আশরাফুল বলেন, বর্তমানে সাকিবের বয়স ৩৭-৩৮ বছরের মধ্যে। যদি তিনি একটি সংস্করণে মনোযোগ দেন, তাহলে সহজেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে সেবা দিতে পারবেন। এতে দলেরও উপকার হবে বলে মনে করেন তিনি।

নিরাপত্তাজনিত কারণে ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে। তবে আশরাফুল অতীত নিয়ে না ভেবে সামনে এগোনোর ওপর জোর দিয়েছেন।

তার ভাষ্য, অতীত নিয়ে পড়ে থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়। বাংলাদেশ ইতোমধ্যে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলেছে। সামনে রয়েছে বিসিএল এবং পাকিস্তান সিরিজ। ক্রিকেটের যাত্রা থেমে থাকে না বলেও মন্তব্য করেন তিনি।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে দলের র‌্যাঙ্কিং উন্নয়ন জরুরি বলে মনে করেন আশরাফুল। তিনি জানান, প্রতিটি সিরিজই বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। কোচিং স্টাফও সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পরিকল্পনা নিয়ে কাজ করছে।

আরও পড়ুন <<>> ৪ এপ্রিল শুরু হচ্ছে প্রথম নারী বিপিএল

বাংলাদেশ দলের পেস আক্রমণ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন সাবেক এ অধিনায়ক। তাসকিন আহমেদের প্রসঙ্গে তিনি বলেন, ২০১৬ সাল থেকে জাতীয় দলে খেলা এ পেসার শুরু থেকেই দলের অন্যতম ভরসা। বর্তমানে তাসকিন ও মোস্তাফিজদের নেতৃত্ব দেয়াটা স্বাভাবিক বিষয়।

দেশের বোলিং শক্তি প্রসঙ্গে আশরাফুল বলেন, বাংলাদেশে এখন আট থেকে দশজন পেসার রয়েছেন যারা ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে বল করতে সক্ষম। সামনে ২০২৬ ও ২০২৭ সাল পর্যন্ত অনেক ওয়ানডে ও টেস্ট ম্যাচ রয়েছে। এসব ম্যাচের সুযোগ কাজে লাগাতে পারলে দল আরও শক্তিশালী হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়