ছবি: সংগৃহীত
দেশের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী বিপিএল। আগামী ৪ এপ্রিল শুরু হবে টুর্নামেন্টটি। খেলা চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এক বিবৃতিতে আজ (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে বিসিবি।
নারী বিপিএল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আলোচনায় ছিল অনেক বছর ধরেই। তবে সর্বশেষ পুরুষ বিপিএলের নিলামের দিন নারী বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা জানান বিসিবি সভাপতি। সে পরিকল্পনা অনুযায়ীই এবার এগোচ্ছে বিসিবি। এপ্রিলেই দেখা যাবে দেশের ইতিহাসের প্রথম নারী বিপিএল।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) একটি ভার্চুয়াল সভায় অংশ নেয় বিসিবি। সে সভা শেষেই বিপিএলের চূড়ান্ত দিনক্ষণ জানানো হয়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকা এবং চট্টগ্রামে। খুব শীঘ্রই পূর্ণাঙ্গ সূচি ও এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
পুরুষদের ফ্র্যাঞ্চাইজি লিগের ক্ষেত্রে বাংলাদেশের বিপিএল প্রথম দিককার টুর্নামেন্ট হলেও নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনে অনেক দেশের চেয়ে পিছিয়ে বিসিবি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ভারত, নিউজিল্যান্ড অনেক আগে থেকেই নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজন করলেও বিসিবি এবারই এমন উদ্যোগ নিয়েছে।
ভার্চুয়াল সভায় আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নারী ক্রিকেটার জাহানারা আলমের করা অভিযোগের ভিত্তিতে সাবেক ক্রিকেটার ও নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বোর্ড। এছাড়া গাজী আশরাফ হোসেন লিপুর সঙ্গে চুক্তির মেয়াদ পেরিয়ে গেলেও আরও এক মাসের জন্য তাকে বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































