Apan Desh | আপন দেশ

মন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:৫৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রী হচ্ছেন সাবেক ফুটবলার আমিনুল

আমিনুল হক

বাংলাদেশের সাফজয়ী অধিনায়ক আমিনুল হক। অবসরের পর বিএনপির রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। শিকার হয়েছেন জেল জুলুমেরও। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে অল্প ব্যবধানে হেরেছেন। তবে চমক হিসেবে তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রীসভায় স্থান পাচ্ছেন সাবেক এ ফুটবলার। টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন আমিনুল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নতুন সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির নির্বাহি কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক।  তিনি বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহবায়কের দায়িত্বেও রয়েছেন। 

এদিন সকালে নব নির্বাচিত সংসদ সদস্যগণ শপথ নিয়েছেন। বিকেল চারটায় মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। সকাল থেকেই অনেক সংসদ সদস্য মন্ত্রীপরিষদ বিভাগ থেকে মন্ত্রী হিসেবে শপথ নেয়ার ফোন পেয়েছেন। জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও ফোন পেয়েছেন।

আরও পড়ুন<<>>নতুন মন্ত্রী হিসেবে শপথের জন্য ডাক পেলেন যারা

আমিনুল হক ঢাকা-১৬ আসন থেকে জাতীয় নির্বাচন করেছিলেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই করে জামায়াত ইসলামের প্রার্থী কর্নেল (অব) আব্দুল বাতেনের কাছে হারেন। সংবিধান অনুযায়ী মন্ত্রী পরিষদের সর্বোচ্চ ১০ ভাগ টেকনোক্র্যাট (সংসদ সদস্যের বাইরে) মন্ত্রী পরিষদে থাকতে পারে। সাধারণত বিশিষ্ট ব্যক্তি যাদের বিশেষ বিষয়ে অভিজ্ঞতা ও অসাধারণ দক্ষতা এবং দলের ত্যাগী নেতাদের টেকনোক্যাট কোটায় মন্ত্রী করা হয়। কোনো সাবেক ক্রীড়াবিদ নির্বাচনে পরাজিত হয়ে কিংবা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী কখনো হননি। আমিনুল হকই প্রথম।

স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সাবেক তারকা ফুটবলারদের মধ্যে মেজর হাফিজই প্রথম মন্ত্রীত্ব পেয়েছিলেন। এরপর দীর্ঘদিন পর আরেক সাবেক জাতীয় ফুটবলার আরিফ খান জয় ক্রীড়া উপমন্ত্রী হয়েছিলেন। আমিনুল হক তৃতীয় সাবেক জাতীয় ফুটবলার হিসেবে মন্ত্রী হতে চলছেন।

আমিনুল হক মন্ত্রী সভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ আমন্ত্রণ পেয়েছেন। সাধারণত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী একজনই দায়িত্ব পালন করেন। সে হিসেবে ক্রীড়াসংশ্লিষ্ট সবারই অনুমান সাবেক ফুটবলার আমিনুল হকই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন। ঘণ্টা খানেক পরই আগামী দিনের বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক কে হচ্ছেন আনুষ্ঠানিকভাবে জানা যাবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়