ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচিত এমপিরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার পর তাদের শপথ বাক্য পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এদিন বিকেলে শপথ নেবেন নতুন মন্ত্রীসভার সদস্যরা।
ইতিমধ্যেই তারেক রহমান নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীসভার সদস্য হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদসহ আরো কয়েকজন।
নতুন মন্ত্রীসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরই মধ্যে বিএনপি সরকারের মন্ত্রীসভায় শপথ গ্রহণের জন্য ডাক পেয়েছেন এমন কয়েকজনের নাম জানা গেছে।
মন্ত্রীসভায় শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও আব্দুল আউয়াল মিন্টু।
এছাড়া চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন শপথের জন্য ডাক পেয়েছেন বলে তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। শপথের জন্য টেলিফোন পেয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
জানা গেছে, প্রতিমন্ত্রী হচ্ছেন নুরুল হক নুর। আরও ফোন পেয়েছেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। বগুড়া-২ আসন থেকে নির্বাচিত শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন।
ডাক পেয়েছেন কিশোরগঞ্জ–৬ আসনের শরীফুল আলম। তিনি প্রতিমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।
আর পড়ুন<<>>শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরা
সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচন করে পরাজিত হয়েছেন।
পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।
প্রতিমন্ত্রী হিসেব শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন। তিনি টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেবেন।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়বারই বিজয়ী হয়েছেন।
সিলেট- ৪ আসনে বিএনপির এমপি আরিফুল হক চৌধুরী মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন। নবগঠিত মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে ডাক পাওয়ার কথা জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর।
আরও ডক পেয়েছেন বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































