Apan Desh | আপন দেশ

টাইগারদের ছোট পুঁজি ভেঙে প্রোটিয়াদের জয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪০, ২৪ অক্টোবর ২০২৪

টাইগারদের ছোট পুঁজি ভেঙে প্রোটিয়াদের জয়

ছোট পুঁজি নিয়ে চতুর্থ দিনের মতো মাঠে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে ছোট পুঁজি নিয়ে বেশিক্ষণ লড়াই করতে পারলেন না বোলাররা। মাত্র ২২ ওভারেই বাংলাদেশের দেয়া লক্ষ্য ছুঁয়ে ফেলেছে প্রোটিয়ারা। এতে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের হয়ে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন মেহেদী হাসান মিরাজ। ৫৮ রানের ইনিংস খেলে মিরাজকে সঙ্গ দেন জাকের আলী। ১১২ রানে ৬ উইকেট হারানোর পর সপ্তম উইকেটে এই দুইজনের ১৩৮ রানের জুটিতে চতুর্থ দিনে গড়ায় মিরপুর টেস্ট।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ৭ উইকেটে ২৮৩ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ। কিন্তু এদিন ৫ ওভারও টেকেনি বাংলাদেশ। ৩০৭ রান করতেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা।

শুরুতেই ভক্তদের হতাশ করেন নাইম হাসান। প্রথম ওভারেই আউট হন তিনি। কাগিসো রাবাদার ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হন নাইম। ২৯ বলে ১৬ রান করে বিদায় নেন তিনি। চতুর্থ ওভারে উইয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তাইজুল ইসলাম (৭ বলে ৭)।

সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে ফেরেন  মিরাজ। পঞ্চম ওভারে ১৯১ বলে ৯৭ রান করে কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ হন ডানহাতি টাইগার ব্যাটার। মিরাজের উইকেটের মাধ্যমে শেষ হয় মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস।

১০৬ রানের লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকার প্রথম উইকেট হারায় দলীয় ৪২ রানে। তাইজু্ল ইসলামের বলে বোল্ড হন ওপেনার এইডেন মার্করাম।২৭ বলে ২০ রান করেন প্রোটিয়া অধিনায়ক। আরেক ওপেনার টনি ডি জর্জিও (৫২ বলে ৪১) আউট হন তাইজুলের বলে। হাসান মাহমুদের হাতে ক্যাচ হন প্রোটিয়া বাঁহাতি ওপেনার।

এরপর ডেভিড বেডিংহামকেও ফেরান তাইজুল। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সবগুলো উইকেটই পান তিনি। অবশেষে ত্রিস্টান স্টাবসের অপরাজিত ৩০ আর রায়ান রিকেলটনের ১ রানে জয় পায় দক্ষিণ আফ্রিকা।

আপন দেশ/মাসুম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়