ঢাকা: বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘তারুণ্যের সমাবেশ’। সেই সমাবেশ শুরুর আগে নেতাদের চাপে ভেঙে পড়েছে এই মঞ্চ। তবে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
শনিবার (২২ জুলাই) বেলা দুইটার কিছু আগে অনেকটা দুলতে দুলতে ভেঙে পড়ে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত তারুণ্যের সমাবেশ মঞ্চ। দেশের বিভাগীয় শহরগুলোতে সমাবেশ শেষে ঢাকায় চলছে বিএনপির অঙ্গ সংগঠনের তারুণ্যের এই সমাবেশ।
এদিকে সমাবেশে যোগ দিতে শনিবার সকাল থেকেই নেতাকর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। অনেকে মঞ্চে উঠে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। পরে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। জাসাসের শিল্পীদের গান গাওয়ার ফাঁকে নেতাদের চাপে মঞ্চ ভেঙে পড়ে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া অন্যান্য কেন্দ্রীয় নেতারাও মঞ্চে আসন গ্রহণ করেছেন।
সমাবেশস্থল থেকে বিএনপি নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিসহ অবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে স্লোগান দিচ্ছেন।
>>> আরও পড়ুন: সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
সরকার পতনের চলমান আন্দোলনে তরুণ প্রজন্মের সম্পৃক্ততা বাড়াতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের এই সমাবেশে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর ঐতিহাসিক এই উদ্যানে জড়ো হন নেতাকর্মীরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপস্থিতি।
দলীয় সূত্রে জানা গেছে আজকের এই সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করতে পারেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া প্রধান বক্তা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী ও বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেবেন ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে তারুণ্যের এ সমাবেশ সঞ্চালনা করছেন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মিল্টন, সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।
আপন দেশ/এমএমজেড
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































