Apan Desh | আপন দেশ

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ মোনামীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৩, ৫ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৮:৩৪, ৫ সেপ্টেম্বর ২০২৬

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ মোনামীর

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক শেহরীন আমিন ভূঁইয়া মোনামী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মী-সমর্থকসহ কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে হয়রানির অভিযোগ তুলেছেন।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মোনামী অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। ওই পোস্ট ও আলোচনার মধ্যে তাকেও হয়রানির তালিকায় রাখা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি জানান, বিষয়টি জানতে পেরে একজন শিক্ষার্থীর কাছ থেকে সংশ্লিষ্টদের বিস্তারিত তথ্য নিয়েছেন। অভিযোগের বিষয়ে নিজের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তও নিয়েছেন তিনি।

মোনামীর দাবি, এরপর থেকেই তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত ট্যাগ করে নানা ধরনের মন্তব্য ও টিপ্পনী করা হচ্ছে। এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরই জড়িত থাকার অভিযোগ করেছেন তিনি।

আরও পড়ুন <<>> ‘সরকার গঠনের ৬ মিনিটের আগেই জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা’

নিজের পোস্টে মোনামী আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য এবং অতীতে শিবিরকে ভালো বলার কারণে তাকে নতুন করে হয়রানির লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে তিনি মনে করেন। একজন নারীকে হয়রানি করার জন্য কোনো একটি বিষয়কে কেন্দ্র করে সরাসরি বা পরোক্ষভাবে আক্রমণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শিক্ষকতা পেশা নিয়ে হতাশা প্রকাশ করে মোনামী লিখেছেন, কখনো কখনো তার মনে হয়, এ চাকরি ও উপার্জনের প্রয়োজন না থাকলে এমন শিক্ষার্থীদের পড়ানো চালিয়ে যেতেন না। ভবিষ্যতে চাকরি পরিবর্তনের ইচ্ছার কথাও জানান তিনি।

মোনামীর অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষার্থীদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়