ফাইল ছবি, আপন দেশ
সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত সংশ্লিষ্টদের পৃথক চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সম্প্রতি গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে সাংগঠনিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াতের গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, গত ২২ জুলাই (বুধবার) আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ অবস্থায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি নির্বাচন কমিশনের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>এমপি নজরুলের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এছাড়াও গাজী নজরুল ইসলামের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসিকে বলা হয়েছে।
এর আগে, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, শুধু দলের বহিষ্কারের ভিত্তিতেই সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত হবে না। সংসদের তরফ থেকে চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেয়া হবে।
তিনি আরও বলেন, আইন অনুযায়ী দল থেকে পদত্যাগ করলে এমপি পদ থাকার কথা নয়। কিন্তু দল থেকে বহিষ্কার করলে সংবিধান অনুযায়ী এমপি পদ যাওয়ার সুযোগ নেই।
এছাড়াও সংবিধান অনুযায়ী স্পিকারের কাছ থেকে সংসদের চিঠি পাওয়ার পর বিচার-বিশ্লেষণ করে আইন অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন বলে জানান ইসি আব্দুর রহমানেল মাছউদ।
প্রসঙ্গত, গত সোমবার রাত থেকে গাজী নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে তাকে ঘনিষ্ঠভাবে দেখা যায়। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা দেখা যায়। পরে দলীয় তদন্ত শেষে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হয়েছে উল্লেখ করে গত ২২ জুলাই তাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করে দলটি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































