Apan Desh | আপন দেশ

গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে হবে, নইলে ব্যবস্থা নেবে জামায়াত 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২২:০১, ২২ জুলাই ২০২৬

গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে হবে, নইলে ব্যবস্থা নেবে জামায়াত 

ফাইল ছবি, আপন দেশ

দল থেকে বহিষ্কারের পর এবার গাজী মো. নজরুল ইসলামকে এমপি পদও ছাড়তে বলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সাতক্ষীরা-৪ আসনের এমপি নিজে থেকে পদত্যাগ না করলে তার এমপি পদ বাতিলে সংসদের স্পিকার এবং নির্বাচন কমিশনকে চিঠি দেবে দলটি। এ তথ্য জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, গাজী নজরুল এখন আর জামায়াতের কেউ নন। ফলে তিনি জামায়াতের এমপি নন। তাই এ বিষয়ে যেসব আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ রয়েছে সবই নেয়া হবে বলে জানান তিনি।

সোমবার (২০ জুলাই) সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের নারী কেলেঙ্কারীর এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে ব্যাপক সমালোচনার মুখে পড়ে বাংলাদেশ জামায়াত ইসলামী। 

সমালোচনার পর তদন্ত কমিটি গঠন করে দলটি। গঠিত তদন্ত কমিটি গাজী নজরুলের বিরুদ্ধে নৈতিক স্খলনের প্রমাণ পায়। প্রমাণ পাওয়ার পর বুধবার জামায়াত আমীর শফিকুর রহমানের সভাপতিত্বে নির্বাহী পরিষদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় গঠনতন্ত্রের ৬২ ধারা অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়। তার এমপি পদ বাতিলেও নির্বাচন কমিশনকে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়।

নির্বাহী পরিষদের একাধিক সদস্য জানান, গাজী নজরুলকে পদত্যাগ করতে বলা হয়েছে। তবে তিনি এ নির্দেশনা বিষয়ে কোনো সিদ্ধান্ত জানাননি। আবার পদত্যাগ করবেন না, এমন কিছুও বলেননি। 

আরও পড়ুন<<>>জামায়াত এমপি গাজী নজরুল বহিষ্কৃত, নৈতিক স্খলন প্রমাণিত

জামায়াতের একজন এমপি বলেন, সংসদীয় দলের কেউ গাজী নজরুলের পক্ষে নেই। সবার চাওয়া ছিল, তাকে বহিষ্কার করা হোক। নইলে সংসদের অধিবেশনে জামায়াতকে বারবার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতো। গাজী নজরুল যদি নিজে থেকে পদত্যাগ না করে আইনি লড়াই চালিয়ে যান, তাতে হয়ত তিনি কয়েক মাস বা বছরখানেক এমপি পদে থাকবেন। তবে জামায়াতের এমপিদের সঙ্গে সংসদে বসতে পারবেন না।

সোমবার রাতে গাজী নজরুলের একটি ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা ১৮ বছরের তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করেন গাজী নজরুল। ওই তরুণী জানান, ১৭ জুন গাজী নজরুলের সঙ্গে তার বিয়ে হয়েছে। তরুণীর বাবা এবং গাজী নজরুলের প্রথম স্ত্রী একই কথা জানান।

যদিও বিয়ের কাজী বদরুল আলম মো. বাকী বিল্লাহ জানিয়েছেন, ১৭ জুন নয় বিয়ের নিবন্ধন হয়েছে ১৯ জুলাই। এতে বিতর্ক সমালোচনা আরও বাড়ে। যদিও বাংলাদেশের আইন অনুযায়ী বিয়ে আগে করে, পরবর্তীতে তা নিবন্ধনে বাধা নেই। তবে ৩০ দিনের মধ্যে নিবন্ধন না করলে দুই বছর কারাদণ্ডের বিধান রয়েছে। এর মধ্যেই জামায়াত বহিষ্কার করল গাজী নজরুলকে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়