Apan Desh | আপন দেশ

দেশের ক্রাইসিসে বিএনপি বাজে পারফর্ম করে: আসিফ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ৬ জুন ২০২৬

দেশের ক্রাইসিসে বিএনপি বাজে পারফর্ম করে: আসিফ

আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

বিএনপি সরকার কখনোই দেশ পরিচালনায় ভালো ছিল না। দেশের ক্রাইসিস মুহূর্তে তারা (বিএনপি) সবসময় বাজে পারফর্ম করে বলেও দাবি করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শনিবার (০৬ জুন) দুপুরে কুমিল্লা নগরীর একটি পার্টি সেন্টারে এনসিপি কুমিল্লা শাখা আয়োজিত ঈদ-পুনর্মিলন ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সজীব ভুঁইয়া বলেন, বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থানের আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ফেল করছে। একই সঙ্গে সরকার অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনার ক্ষেত্রেও ফেল করেছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের দাম বাড়বে না বলে ঘোষণা দিয়েছিলো। দুই বছরের মধ্যে বাড়বে না বলার ঠিক দুই মাসের মধ্যেই দাম বেড়েছে। বিদ্যুতের দাম বাড়া মানে প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। 

আরও পড়ুন<<>>বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে: বাণিজ্যমন্ত্রী

মূল্যবৃদ্ধি সম্পর্কে সজীব ভূঁইয়া বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে চ্যালেঞ্জ, তা প্রত্যেক নাগরিককে ভোগ করতে হবে। কারণ সাধারণ জনগণের আয়-রোজগার বাড়েনি, কিন্তু খরচ বেড়ে যাবে। গ্যাসের দাম ১২-১৩শ থেকে এখন ১৯শ টাকার কাছাকাছি। প্রায় ৫০ শতাংশ গ্যাসের দাম বেড়েছে। গত শেখ হাসিনার আমলে ১৭ বছরে যা বেড়েছিল, গত তিন মাসে তারা ততটুকু বাড়াতে সক্ষম হয়েছে।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি অ্যাডমিনিস্ট্রেশন পরিচালনা এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থতাসহ সবকিছু মিলিয়ে ইতোমধ্যে অজনপ্রিয় সরকারের পরিণত হয়েছে। জাতীয় নির্বাচনের আগে বারবারই বলা হতো নির্বাচনের পরই সব সমস্যার সমাধান হয়ে যাবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে আসিফ বলেন, ধর্ষণ, চুরি-ছিনতাই, রাহাজানি, শাহবাগের আন্দোলন এবং মব কালচারসহ সব সমস্যা সমাধানের ক্ষেত্রেও বলা হয়েছে নির্বাচন হলে সমাধান হয়ে যাবে। দেশে নির্বাচিত সরকার আসলো কিন্তু আমরা এসব কিছুর পরিবর্তন দেখছি না। বরং আরও সব কিছু বাড়তে দেখছি। আমরা দেখছি মফজাস্টিস বেড়ে গেছে। গত এক মাসে ৮৪ জন ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে ছয়জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, দায়িত্ব নেয়ার পর প্রথমদিন তিনি বলেছিলেন- মব বন্ধ বরে দেবেন। কিন্তু আমরা এখন মব বাড়তে দেখছি। বেশির ভাগ ক্ষেত্রেই সরকারদলীয় লোকের সম্পৃক্ততা দেখছি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়