ছবি: আপন দেশ
দেশের প্রয়োজনে বিএসটিআইকে আরও শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে বিএসটিআইয়ের জনবলের বিষয়টির দিকে দৃষ্টি দেয়ার কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী।
শনিবার (০৬ জুন) বিএসটিআই কর্তৃক আয়োজিত বিশ্ব মান (মেট্রোলজি) দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 'নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি' এ প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
মন্ত্রী বলেন, বিএসটিআইকে আমাদের দেশের প্রয়োজন অনুযায়ী আমরা শক্তিশালী করব। প্রয়োজনে জনবল স্ফৃত করব এবং একটা কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলব ইনশাল্লাহ।
আরও পড়ুন<<>>৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়ছে না
এখানে যারা আছেন সবাই অত্যন্ত মেধাবী মানুষ। মেধাবী উচ্চ শিক্ষিত মানুষ দেশকে কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখে। আপনাদের নিয়েই আমরা আমাদের প্রত্যেকটা পণ্যের উচ্চ গুণগত মান যেটাতে আস্থা থাকে মানুষের সে পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য একটা বড় আকারের কাজের সূচনা আগামী দিনে করব।
তিনি আরও বলেন, মেট্রোলজি শিল্প উন্নয়নসহ বৈজ্ঞানিক গবেষণা এবং দৈনন্দিন জীবনে সঠিক পরিমাপের গুরুত্ব নিয়ে কাজ করে থাকে। বর্তমান বিশ্বে তথ্যনির্ভর ও প্রমাণভিত্তিক নীতি প্রণয়নের ক্ষেত্রে সঠিক পরিমাপের নির্ভুল পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্ত্রী বলেন, বর্তমানে বিএসটিআইর কর্মকাণ্ডের পরিধি অনুযায়ী বিদ্যমান জনবল অপ্রতুল। যেটির কথা আমাদের মহাপরিচালক বললেন সে বিষয়ে আমরা দৃষ্টি দিব এবং তাকে আমি বলেছি যে এটির একটি ফাংশনাল অর্গানোগ্রাম তৈরির জন্য। আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, মালয়েশিয়াসহ কয়েকটি দেশের মডেল স্টাডি করে আমাদের প্রয়োজন অনুযায়ী রিমোডেলিং করব।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































