ছবি : আপন দেশ
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যাদের ভূমিকা রয়েছে, যাদের সংসদে কথা বলার দক্ষতা রয়েছে, সমাজে যাদের সুনাম আছে তাদের সংরক্ষিত নারী আসনে দল বাছাই করবে।’
শনিবার (১১ এপ্রিল) সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাওয়ার জন্য শুক্রবার (১০ এপ্রিল) প্রায় পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে আমাদের অফিসের কর্মকর্তারা ফরম বিতরণ করছেন। রোববারও (১২ এপ্রিল) ফরম বিতরণ ও জমা নেয়া হবে।’
তিনি বলেন, ‘দলের সিনিয়র নেতাদের সমন্বয়ে যে বোর্ড আছে, সেখানে আবেদনটি যাবে। কী পদ্ধতিতে এ প্রক্রিয়াটি সম্পন্ন হবে, সেটি আজ-কালের মধ্যে জানা যাবে। আমরা আবার আপনাদের জানিয়ে দেবো। আমরা প্রত্যাশা করছি, গণতান্ত্রিক রীতিনীতি অনুযায়ী বিএনপি যেভাবে তাদের সংসদ সদস্যদের বাছাই করে একইভাবে এবারও সেই পদ্ধতিটি অবলম্বন করা হবে। অর্থাৎ যারা প্রার্থী হতে ইচ্ছুক তাদের মনোনয়ন ফরম বিতরণ করছি। সেটি তারা পূরণ করে, যেসব ডকুমেন্ট চাওয়া হচ্ছে সেগুলোসহ আমাদের কাছে জমা দেবেন।’
বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘এবারের প্রত্যাশা অত্যন্ত বেশি এ কারণে যে, দীর্ঘ ১৬/১৭ বছর এক ভয়ানক দুর্বিসহ পরিস্থিতি অতিক্রম করে আজকে এ জায়গায় উপনিত হয়েছে। একটা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই করতে হয়েছে। ১৬ বছরের লড়াইয়ের পর গণতান্ত্রিক চর্চার যে পরিবেশটি পাওয়া গেছে সেটির সর্বোচ্চ ব্যবহার আমাদের করতে হবে।’
আরও পড়ুন : যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে : পররাষ্ট্রমন্ত্রী
তিনি আরও বলেন, ‘দেশের জনগণ জানবে যে যারা ক্ষমতায় আছে, সংসদে যারা আছে সরকারি দল, বিরোধীদল। তারা একটি সুষ্ঠু গণতান্ত্রিক রীতিনীতি অবলম্বন করছে। একটি জবাবদিহিতার পরিবেশ তৈরি করছে।’
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































