Apan Desh | আপন দেশ

দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৩৭, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

দুই দশক পর তারেক রহমানের নেতৃত্বে ৪৯ সদস্যের মন্ত্রিসভা

ছবি: সংগৃহীত

দীর্ঘ দুই দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকার গঠনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর দলের শীর্ষ নেতারা আজ আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে।

শুরুতেই দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এরপর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে এবং মন্ত্রিসভার অন্য সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়া জ্যেষ্ঠ নেতাদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ইকবাল হাসান মাহমুদ (টুকু), আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও সালাহউদ্দিন আহমদ। এবারের মন্ত্রিসভার আকার নির্ধারণ করা হয়েছে ৪৯ সদস্যের, যার মধ্যে তিনজন টেকনোক্যাট কোটায় নিয়োগ পেয়েছেন।

এবারের মন্ত্রিসভার সবচেয়ে বড় চমক হলো নতুন মুখের উপস্থিতি। মন্ত্রীদের তালিকায় থাকা ২৫ জনের মধ্যে ১৭ জনই প্রথমবারের মতো এই দায়িত্ব পেলেন। নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন এ জেড এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, আব্দুল আউয়াল মিন্টু, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), জহির উদ্দিন স্বপন, খন্দকার আব্দুল মোকতাদির, আরিফুল হক চৌধুরী, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আফরোজা খানম রিতা, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), জাকারিয়া তাহের সুমন, মো. আসাদুজ্জামান, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফকির মাহবুব আনাম স্বপন, দীপেন দেয়ান, শেখ রবিউল আলম। প্রধানমন্ত্রী তারেক রহমানও এবারই প্রথম মন্ত্রিসভার সদস্য হলেন।

অন্যদিকে, প্রতিমন্ত্রীদের ২৪ জন সদস্যের সবাই নতুন মুখ। এই তালিকায় রয়েছেন অনিন্দ্য ইসলাম অমিত, এম রশিদুজ্জামান মিল্লাত, শামা ওবায়েদ ইসলাম, মো. শরিফুল আলম, কায়সার কামাল, সুলতান সালাউদ্দিন টুকু, ফরহাদ হোসেন আজাদ, হাবিবুর রশীদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মো. রাজিব আহসান, মীর শাহে আলাম, মো. আব্দুল বারী, ইশরাক হোসেন, জোনায়েদ সাকি, শেখ ফরিদুল ইসলাম, ফারজানা শারমিন, নুরুল হক, ইকবাল হোসেইন, ইয়াসের খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, এম এ মুহিত, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও ববি হাজ্জাজ।

এই শপথ অনুষ্ঠানকে ঘিরে রাজধানীজুড়ে ছিল উৎসবের আমেজ। বিশেষ করে মানিক মিয়া এভিনিউ এবং এর আশপাশের এলাকায় জড়ো হন হাজারো মানুষ। বড় পর্দায় শপথ দেখার জন্য স্থাপন করা হয় ডিজিটাল ডিসপ্লে ও সাউন্ড সিস্টেম। রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা নুর জাহান বেগম নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, আমরা ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করেছি, বিএনপি আজ সরকারের শপথ নেবে তাই দেখতে এসেছি। আমি আশা করি আমাদের প্রত্যাশিত কাজগুলো করবে বিএনপি। 

মানিকগঞ্জ থেকে আসা শরিফুল ইসলামের ভাষ্য, আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

উল্লেখ্য, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সর্বশেষ রাষ্ট্রক্ষমতায় ছিল বিএনপি। দীর্ঘ ২০ বছর পর দলটি আবারও সরকার গঠন করল। এবারের মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নবীন ও প্রবীণের সমন্বয়ে গঠিত এ মন্ত্রিসভায় প্রথমবারের মতো নির্বাচিত হয়ে এসেই অনেকে গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব পেয়েছেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement