Apan Desh | আপন দেশ

রাজধানীতে ৬০ ফুট প্রশস্ত সড়ক তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:০০, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে ৬০ ফুট প্রশস্ত সড়ক তৈরির প্রতিশ্রুতি তারেক রহমানের

ছবি: আপন দেশ

রাজধানীর ইসিবি চত্বর থেকে মানিকদী-বালুঘাট হয়ে জসীমউদ্দীন পর্যন্ত সড়ক ৬০ ফুট প্রশস্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি ঢাকা শহরে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছেন। এসব মাঠের একটি হবে এ এলাকায়।

রোববার (০৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টায় ইসিবি চত্বরে ঢাকা-১৭ আসনের নির্বাচনি পথসভায় তিনি এ ঘোষণা দেন।

পথসভায় তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে শুধু ঢাকা-১৭ নয়, পুরো ঢাকা শহরকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করা হবে। ঢাকাকে এমন একটি শহর হিসেবে গড়ে তোলা হবে, যেখানে নারীরা নিশ্চিন্তে চলাচল করতে পারবেন। শিশুরা খোলা মাঠে খেলাধুলার সুযোগ পাবে। সাধারণ মানুষ নিরাপদে বসবাস ও ব্যবসা করতে পারবে।

খেলার মাঠের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, ঢাকায় শিশু-কিশোরদের জন্য পর্যাপ্ত মাঠ নেই। বিএনপি ক্ষমতায় এলে অন্তত ৪০টি খেলার মাঠ নির্মাণ করা হবে। এসব মাঠে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি হবে। বিকেলে বয়স্ক ও নারীরাও হাঁটার জন্য মাঠ ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন <<>> ‘৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে কীভাবে দুর্নীতি থামাবে’

এলাকার অবকাঠামো উন্নয়নের প্রসঙ্গে তিনি বলেন, ইসিবি চত্বর থেকে জসীমউদ্দীন পর্যন্ত সড়ক প্রশস্ত করার দাবি দীর্ঘদিনের। বিএনপি সরকার গঠন করলে মানুষের চলাচল সহজ করতে এবং যানজট কমাতে সড়কটি ৬০ ফুট প্রশস্ত করা হবে।

নিজের এলাকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, তিনি এ এলাকারই সন্তান। শৈশব কেটেছে এখানেই। তার সন্তানদের জন্মও হয়েছে এ এলাকায়। সে কারণেই এলাকার মানুষের সুখ-দুঃখ তিনি কাছ থেকে অনুভব করেন।

বক্তব্যের শেষাংশে তিনি ঢাকা-১৭ আসনের ভোটারদের আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। তিনি বলেন, নির্বাচিত হলে এ এলাকার মানুষের সেবায় সর্বোচ্চ চেষ্টা করবেন। পথসভায় স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়