মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ এলাকায় মিছিল করেছে।
সোমবার (১৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকে অনেক নেতাকর্মী শাহবাগ মোড় থেকে হোটেল শেরাটন (সাবেক) মোড় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এই অবস্থান ঘিরে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে মারা যান মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী। এরপরই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আরও পড়ুন<<>> মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী আর নেই
ডিএমপি সূত্রে জানা গেছে, জাতীয় শোক দিবস ১৫ আগস্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে জামায়াত নেতা সাঈদীর মৃত্যুকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। বিভিন্ন চেকপোস্টে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিতকরণের বিষয়গুলোকে আরও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
এর আগে রোববার (১৩ আগস্ট) দুপুরে কাশিমপুর কারাগারে বুকে ব্যথা অনুভব করায় সাঈদীকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা আনা হয়।
এদিন রাতে সাঈদীকে বিএসএমএমইউয়ের কার্ডিওলোজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. চৌধুরী মেশকাত আহমদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। তিনি বিএসএমএমইউয়ের ডি ব্লকের দ্বিতীয় তলার সিসিইউ-২ এর ৬ নম্বর বেডে ভর্তি ছিলেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































