Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী আজ রংপুর যাচ্ছেন, প্রস্তুত নৌকারূপী সভামঞ্চ

রংপুর ব্যুরো

প্রকাশিত: ০৯:৪৫, ২ আগস্ট ২০২৩

প্রধানমন্ত্রী আজ রংপুর যাচ্ছেন, প্রস্তুত নৌকারূপী সভামঞ্চ

দীর্ঘ সাড়ে চার বছর পর আজ বুধবার (২ আগস্ট) রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শতাধিক তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড ও পোস্টারে সাজানো হয়েছে পুরো রংপুর। এদিন দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি। উদ্বোধন করবেন বেশ কিছু উন্নয়ন প্রকল্পের।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সময়সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দুপুরে সাড়ে ১২টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেবেন। পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রীর হেলিকপ্টার রংপুর ক্যান্টনমেন্ট হেলিপ্যাডে অবতরণ করবে। দুপুর ২টা ৫ মিনিটে ক্যান্টনমেন্ট হেলিপ্যাড থেকে সড়কপথে রংপুর সার্কিট হাউসের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। এ ছাড়া ২টা ১৫ মিনিটে সার্কিট হাউসে পৌঁছে বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল ৩টায় রংপুর জিলা স্কুল মাঠের জনসভার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। পরে বিকেল ৩টা ৫ মিনিটে জিলা স্কুল মাঠের জনসভায় উপস্থিত হবেন ও সেখানে রংপুর বিভাগের উন্নয়নে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন।

এদিকে সমাবেশে বক্তব্য শেষ করে একই দিন বিকেল ৫টা ২০ মিনিটে রংপুর ক্যান্টনমেন্টের হেলিপ্যাডের উদ্দেশ্যে সড়কপথে রওনা দেবেন। সেখান থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১ আগস্ট) সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এক সংবাদ ব্রিফিংয়ে জানান, রংপুরের ইতিহাসে সর্ববৃহৎ গণসমাবেশ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ডে ছেয়ে গেছে পুরো নগরী। নগরীর বৈদ্যুতিক পিলার, ল্যাম্প পোস্ট, দেয়াল, গাছ কোথাও ফাঁকা নেই। ধুয়ে মুছে চকচকা করা হয়েছে রাস্তাঘাট, রোড ডিভাইডার। চলছে বাদ্যযন্ত্র ও গানের তালে নেচে গেয়ে মাইকিং। জনসভা স্থল ছাড়াও বাংলাদেশ ব্যাংক মোড়, জিলা স্কুল মোড়, ডাকঘর মোড়, সুরভি উদ্যান মোড়, পুলিশ লাইন্স মোড়, সিটি বাজারসহ বিভিন্ন পয়েন্টে মাইক সাটানো হয়েছে। একের পর এক কেন্দ্রীয় নেতারা আসছেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে রংপুর মহানগরী। রংপুর মহানগরীর ২১টি পয়েন্টে করা হয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। এক হাজারের বেশি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। প্রবেশ রুটগুলোতে সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সর্বোচ্চ সতর্কতার সঙ্গে জনসভায় আসা-যাওয়া নির্বিঘ্ন করতে চায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। জিলা স্কুল মাঠে এসএসএফসহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার সদস্যরা কাজ করছেন সর্বোচ্চ সতর্কতায়। মাঠের দক্ষিণ পশ্চিম কোণায় নৌকার আদলে তৈরি করা হয়েছে সভামঞ্চ। পাশেই মিডিয়া, মুক্তিযোদ্ধা ও অতিথি কর্নার। সামনে থাকবে জনতা। প্রস্তুতির কাজ তদারকি করছেন কেন্দ্রীয় নেতারা।

রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক উপকমিটির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বলেন, আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। পাড়া-মহল্লায় উঠান বৈঠক থেকে শুরু করে সভা সমাবেশ করা হয়েছে। গ্রামেগঞ্জে শহরে বন্দরে খণ্ড খণ্ড মিছিল করা হয়েছে। পুরো বিভাগজুড়ে ব্যাপক গণসংযোগ চালানো হয়েছে। বিগত সময়ের উন্নয়নগুলো তুলে ধরা হচ্ছে। মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে উচ্ছ্বসিত। তারা জনসভায় যোগ দিতে অপেক্ষা করছে।

আরও পড়ুন <> প্রধানমন্ত্রী রংপুর যাচ্ছেন বুধবার, প্রস্তুত মহাসমাবেশের মঞ্চ

রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য আতিক-উল-ইসলাম কল্লোল বলেন, আমরা খুব আনন্দিত, উদ্বেলিত। আমরা সবাই বঙ্গবন্ধুকন্যা রংপুরের পুত্রবধূ শেখ হাসিনার আগমনে উচ্ছ্বাসে একাকার হয়ে গেছি। আমরা তাকে নবসাজে বরণ করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা আশা করছি, লাখ লাখ মানুষের ভিড়ে জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা স্বাগত জানাতে জিলা স্কুল মাঠে পুরুষের পাশাপাশি নারীর ব্যাপক সমাগম ঘটবে। 

আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে রংপুরসহ পুরো বিভাগে উৎসবের আমেজ চলছে। প্রধানমন্ত্রী যেহেতু বঙ্গবন্ধুকন্যা তার ক্যারিশমাটির নেতৃত্বের কারণে দলমত নির্বিশেষে লোকে লোকারণ্য হয়ে যাবে। গোটা শহর মানুষে মানুষে টইটম্বুর হয়ে যাবে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন বলেন, জনসভাকে ঘিরে সব ধরনের নিরাপত্বার বন্দোবস্ত করেছি আমরা। পুলিশের পাশাপাশি আর্মডসহ সাদা পোশাকে আইনশৃংখলা বাহিনীর সদস্য থাকবে। জনসভাস্থল ছাড়াও থাকবে পথে পথে রুট ডিউটি, থাকবে চেকপোস্ট, পুরো নগরীর গুরুত্বপূর্ন প্রবেশপথ ও মোড়ে মোড়ে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উঁচু ভবনের ছাদে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর প্রতি ফ্লোরে ফ্লোরে থাকবে প্রশিক্ষিত আইনশৃংখলা বাহিনীর সদস্যরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে গিয়েছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়